জয়ী রোকসানা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ শনিবার। রাজধানীর সোনারগাঁও হোটেলের পাশে উন্মুক্ত চত্বরে শামিয়ানা টাঙিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কড়া নিরাপত্তা। আমন্ত্রণপত্র প্রদর্শন করে ভেতরে ঢোকা গেলেও বসার জন্য আসন মিলল না। দর্শকসারি কানায় কানায় পূর্ণ। বাইরে অপেক্ষায় আছেন আরও অনেকে। নতুন পোশাক গায়ে জড়িয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আসা সবাই পোশাকশ্রমিক। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পোশাকশিল্পীদের গানের প্রতিযোগিতা ‘গর্ব’র চূড়ান্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।‘গাও প্রাণ খুলে গাও’ স্লোগান নিয়ে শুধু পোশাকশ্রমিকদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন রোকসানা খাতুন। এর পরই আছেন যথাক্রমে পাভেল রহমান ও রাজিবুল ইসলাম। প্রথম স্থান অধিকারীকে ১০ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ছয় লাখ টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে চার লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। সেরা দশে অন্য বিজয়ীরা হলেন প্রিয়া দাশ, মেজবাহ উদ্দিন, মুরাদুজ্জামান, ফরহাদ হোসেন, রাকিবুল হোসেন, শাহীন ও সাগর রায়। তাঁদের প্রত্যেককে এক লাখ করে টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে আবদুর রাজ্জাক ও প্রিয়া দাশকে। তাঁরা পেয়েছেন দেড় লাখ টাকা করে।জমজমাট অনুষ্ঠানটি শুরু থেকেই ছিল প্রাণবন্ত। শুধু পুরস্কার দেওয়া-নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং গান, নৃত্যসহ পোশাকশিল্পের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানটি আলোচনায় মুখর ছিল সারাক্ষণ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি আবদুস সালাম মুর্শেদী, অনুষ্ঠান সমন্বয়কারী আসিফ ইকবাল প্রমুখ।রংপুর জেলার পীরগাছা থানার অন্নদানগর গ্রামের এক দরিদ্র পরিবারে রোকসানার জন্ম। জানালেন, পোশাক কারখানায় যোগ দেন ছয় বছর আগে। কাজ করেন সুইং অপারেটর হিসেবে। কান্নাভেজা কণ্ঠে বলেন, গায়ের রং কালো বলে স্বামী তাঁকে ফেলে একদিন নিরুদ্দেশ হন। দুটি পুত্রসন্তান নিয়ে রোকসানা জীবনসংগ্রামে লিপ্ত। বড় ছেলের কণ্ঠ সুন্দর। ইচ্ছা আছে ছেলেদের গান শেখাবেন, পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। সেদিন পুরস্কার গ্রহণের পর প্রধামন্ত্রী তাঁকে বুকে টেনে নেন। এটি রোকসানার জীবনের স্মরণীয় ঘটনা।প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালনকারী পোশাকশিল্পের বৃহৎ কর্মীবাহিনীকে সাংস্কৃতিক ও সংগীতকর্মে সম্পৃক্ত করার উদ্দেশ্যে পোশাকশিল্পের প্রতিষ্ঠানের শীর্ষ সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নতুন প্রতিযোগিতা। শুধু পোশাকশ্রমিকদের জন্য আয়োজিত ‘প্রিমিয়ার ব্যাংক গর্ব’ শীর্ষক এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। কয়েক হাজার শ্রমিক অংশ নেন এতে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বাছাই শেষে ২০ জনকে চূড়ান্ত করা হয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন সাবিনা ইয়াসমীন, আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আসিফ আকবর। এ ছাড়া তিন প্যানেলের বিচারকদের মধ্যে ‘ঐতিহ্য’ প্যানেলে ছিলেন ফকির আলমগীর, এম এ মান্নান, আকরামুল ইসলাম। ‘সমৃদ্ধি’তে ছিলেন হাসান মতিউর রহমান, মান্নান মোহাম্মদ, আজম বাবু এবং ‘প্রগতি’ প্যানেলে বিচারক ছিলেন সুজিত মোস্তফা, অনুপ বড়ুয়া, ফকির শাহাবুদ্দিন। তাঁরা বিভিন্ন সময় প্রতিযোগীদের প্রশিক্ষণও দিয়েছেন। প্রতিযোগিতা পরিচালনা করছে গানচিল মিডিয়া লিমিটেড।