জয়ের পরের দিনটি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ ঘোষণা করা হলো গত বৃহস্পতিবার। গতকাল শুক্রবার পত্রিকায় খবরটি আসতেই পুরস্কার বিজয়ীরা একেকজন একেকভাবে দিনটি উদ্‌যাপন করতে শুরু করেন। বিজয়ীরা কেউ দেশের বাইরে, কেউ শহরের বাইরে, কেউ আবার নিয়মিত কাজে ব্যস্ত। তবে সবকিছুর পরও জাতীয় স্বীকৃতির তো তুলনা হয় না।
তাই তাঁদের কাছে ছুটে যাওয়া তাঁদের অনুভূতি জানতে। এর মধ্যে যে বিজয়ীদের নাগাল পাওয়া গেছে, কথা থাকছে তাঁদের। যাঁরা ছিলেন নাগালের বাইরে, তাঁরাও জানিয়েছেন নিজেদের কথা—ফোনে, ভাইবারে, মেসেঞ্জারে। বিজয়ীদের সঙ্গে কথা বলেছেন আদর রহমান ও শফিক আল মামুন

জাতীয় পুরস্কার জয়ের পরের দিনটি কেমন? এটা জানতে সকালেই বিভিন্ন বিভাগে বিজয়ীদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নিয়ে ঢাকার রাস্তায় নামা। প্রথম গন্তব্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জয়ী শাকিব খানের বাড়ি। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করে জানা গেল, তিনি বেশ আগেই শহর ছেড়ে বেরিয়ে পড়েছেন। পুবাইল আছেন ‘রংবাজ’ ছবির শুটিংয়ে। জানা গেল, আবারও জাতীয় পুরস্কার জয়ের আনন্দ উদ্‌যাপন তিনি করছেন কাজের ফাঁকে ফাঁকে। যাঁরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন, সবাইকে পাল্টা ধন্যবাদ জানাতে ভুলে যাচ্ছেন না। তাই ফোনেই তাঁর সঙ্গে যোগাযোগ করে আরেক শ্রেষ্ঠ অভিনেতা মাহফুজের খোঁজে নামা। হতাশা সেখানেও। তিনিও নেই শহরে। নাটকের শুটিং দলের সঙ্গে ‘জিরো ডিগ্রী’ ছবির জন্য পুরস্কারজয়ী এই অভিনেতা আছেন নেপালে। তবে সেখান থেকে মাহফুজ প্রথম আলোকে বলেন, ‘আজ (শুক্রবার) নেপালের উঁচু একটি পাহাড়ের চূড়ায় আমরা সবাই হৈহুল্লোড় করে নিজ হাতে রান্না করে ভোজের আয়োজন করেছি।’

মাহফুজ ও জয়া আহসান
মাহফুজ ও জয়া আহসান

পাওয়া গেল মোরশেদুল ইসলামকে
মাহফুজের সঙ্গে চলতি পথেই কথা শেষ করে এবারের গন্তব্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের বাড়ি। তাঁর ধানমন্ডির বাসায় পৌঁছাতেই মূল ফটকে থাকা নিরাপত্তাকর্মী বললেন, ‘অভিনন্দন জানাইতে আসছেন? জাতীয় পুরস্কার তো বিরাট ব্যাপার। যান, ওপরে যান। স্যার আছে এখনো।’ বাড়ির নিরাপত্তাকর্মীর উচ্ছ্বাস দেখে বোঝা গেল জয়ের আনন্দ সবার মনেই লেগেছে। কিন্তু বাড়ির ভেতর গিয়ে সেই উত্তাপ পাওয়া গেল না। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালকসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি। এ নিয়ে নির্মাতা মোরশেদুল ইসলামের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এর আগে আমি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিলাম। এরপর আমার নির্দেশিত “দুখাই” পেয়েছিল শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার।’ তাই তৃতীয় জাতীয় পুরস্কার অর্জন হলেও নির্মাতা হিসেবে এটি তাঁর প্রথম জাতীয় পুরস্কার জয়। তবে মোরশেদুল ইসলাম জয়ের অনুভূতি জানাতে গিয়ে বললেন আক্ষেপের কথাও। তিনি বলেন, ‘খুব খুশি হতে পারছি না। আসলে আমাদের এখানে চলচ্চিত্র বোঝা মানুষের খুব অভাব। ভেবেছিলাম ছবিতে “অনিল” চরিত্রে অভিনয় করা শিল্পী আরেফ সেরা অভিনেতা বিভাগে পুরস্কার জিতবে। সে কাজই করেছিল তেমন। কিন্তু তা তো হয়নি। তবে প্রতিটি স্বীকৃতি আনন্দের, তাই আমি আনন্দিত।’

ইরেশ বালিতে
মোরশেদুল ইসলামের আক্ষেপের কথা শুনে খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা ইরেশ যাকেরের খোঁজে তাঁকে ফোন দিলে তিনি জানান, কিছু কাজে তিনি এখন আছেন ইন্দোনেশিয়ার বালিতে। এটি তাঁর প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই তাঁর ছুঁয়ে দিলে মন ছবির সব কলাকুশলীর প্রতি কথার শুরুতেই কৃতজ্ঞতা জানালেন তিনি। বললেন, ‘প্রথমে খবরটি বিশ্বাসই করতে পারিনি। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে বসে প্রথম এ খবর পাই। সেই সময় বাবা-মার কথা মনে পড়েছিল। বাবা (অভিনেতা আলী যাকের) অসুস্থ, সিঙ্গাপুরে আছেন। মা-ও (সারা যাকের) সেখানে। কিন্তু ওই সময় সিঙ্গাপুরে অনেক রাত, তাই সকালে উঠে প্রথমেই তাঁদের দুজনকে ফোন করি।

.
.

রাকায়েত খাগড়াছড়িতে, টুটুল বান্দরবানে, রিজু যমুনাপারে

চেষ্টা করেও দেখা হয়নি শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে বিভাগে জয়ী গাজী রাকায়েতের সঙ্গেও। কারণ, তিনি গতকাল ছিলেন খাগড়াছড়ি। সেখানে নিজের অভিনয় শেখার স্কুল চারুনীড়মের একটি কাজে গেছেন। তবে জাতীয় পুরস্কার জয়ের খবরটি গতকাল সবখানে ছড়িয়ে গেলে স্থানীয় শিল্পকলা একাডেমি ফুল দিয়ে শুভেচ্ছা জানায় গাজী রাকায়েতকে। ঢাকায় ছিলেন না শ্রেষ্ঠ সুরকার ও সংগীতশিল্পী বিভাগে জয়ী এস আই টুটুল। তিনি ছিলেন বান্দরবান। সেখান থেকে প্রথম আলোকে এই শিল্পী বলেন, ‘এ প্রাপ্তি আমার নয়। সৃষ্টিকর্তার কৃপায় আমি এ পুরস্কার পেয়েছি।’ এই শিল্পী পেয়েছেন ‘বাপজানের বায়োস্কোপ’ ছবির জন্য পুরস্কার। এ ছবির পরিচালক রিয়াজুল মওলা রিজুকেও পাওয়া যায়নি শহরে। ২০১৫ সালে সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত এই ছবির নির্মাতাকে যখন সবাই খুঁজছিল, তখন তিনি চলে গিয়েছিলেন যমুনা নদীর পূর্ব পারে, নিভৃতে জয় উদ্‌যাপন করতে। এদিকে ‘অনিল বাগচীর একদিন’ ছবির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পীর পুরস্কারজয়ী প্রিয়াঙ্কা গোপও দেশে ছিলেন না গতকাল। তবে এত বিজয়ীর অনুপস্থিতির মধ্যেও দেখা মিলেছে হাস্যোজ্জ্বল তমা মির্জার। তিনি ‘নদীজন’ ছবির জন্য জিতেছেন শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে বিভাগে পুরস্কার। সেরা সংগীত পরিচালক সানী যুবায়েরও এদিন ছিলেন তাঁর মণিপুরিপাড়ার বাড়িতেই। সবার অভিনন্দন গ্রহণ করেছেন দিনভর।

রংবাজ ছবির সেটে শাকিব
রংবাজ ছবির সেটে শাকিব

জয়া তখন কলকাতার পথে
চমক দেব বলে আগে জয়া আহসানকে আর ফোন করি না। তাঁর ইস্কাটনের বাসার উদ্দেশে রওনা দিই। সেখানে গিয়ে জানা যায়, এই অভিনেত্রী কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন বিমানবন্দরের উদ্দেশে। ‘জিরো ডিগ্রী’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। তাই বিমানবন্দরমুখী জয়াকে ফোন করেই তাঁর অনুভূতি জানতে চাওয়া। ততক্ষণে জয়া বিমানবন্দরে পৌঁছে গেছেন। রানওয়ের দিকে যেতে যেতে মুঠোফোনে প্রথম আলোকে জানান, এটি তাঁর তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। জয়া বলেন, ‘তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম। তবে প্রতিবারই এটি আমাকে প্রথম পাওয়ার আনন্দ দেয়। আমি কৃতজ্ঞ পরিচালক অনিমেষ আইচের কাছে। তাঁর প্রথম ছবিতেই আমাকে নেওয়ার জন্য। আর সেই ছবি আমাকে এই সম্মান এনে দিয়েছে। মাহফুজ ভাইও এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। ছবির প্রযোজক হিসেবে তাঁর কাছেও আমি কৃতজ্ঞ।’ জয়া জানান, পুরস্কার ঘোষণার পর থেকে শুধু দেশেই নয়, ভারত থেকেও অনেকে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। বলেন, ‘কলকাতা থেকে সৃজিত মুখার্জি, যিশুসহ অনেক পরিচালক, শিল্পী আমাকে ফোন দিয়েছেন।’

এবং ফেরদৌসী রহমান
২০১৫ সালে আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও চিত্রনায়িকা শাবানা। ফেরদৌসী রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এক মাস হলো পায়ে ব্যথা পেয়ে তিনি আছেন পূর্ণ বিশ্রামে। তাই সম্মাননা অর্জনের পরের দিনটিও তাঁকে বিশ্রামেই কাটাতে হলো। তবে পুরোনো কথা মনে করে ফেরদৌসী রহমান বলেন, প্রতিটি পুরস্কারই বিশেষ স্মৃতি বহন করে। এবারেরটিও ব্যতিক্রম নয়। আরেক আজীবন সম্মাননাপ্রাপ্ত শিল্পী শাবানার সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। যোগাযোগ করা যায়নি সেরা সংগীতশিল্পী বিভাগে জয়ী সুবীর নন্দীর সঙ্গেও।