
আমি একটু অন্যরকম মেয়ে। তাই আমার কাছে প্রেম বারবার আসে না। প্রেম একবারই হতে পারে। আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে। আমি তখন ক্রাশ খেয়েছিলাম। সেই ক্রাশের মধ্যে এখনো ডুবে আছি। সংগত কারণেই আমি তাঁর নাম বলতে চাইছি না। শুধু ঘটনাটা বলি। তখন আমি নবম শ্রেণিতে পড়ি। পরিবারের সবাই মিলে বেড়াতে যাই সিঙ্গাপুর। ফেরার পথে ঘটনাটা ঘটে গেল। সিঙ্গাপুর বিমানবন্দরে একটা দোকানে বাবার জন্য কিছু পছন্দ করে রেখে পাশের দোকানে গিয়েছি। ফিরে এসে দেখি সেটা নেই। জিজ্ঞেস করতেই দোকান থেকে জানানো হলো, মাত্র ওই জিনিসটা তাদের নিয়মিত একজন ক্রেতা কিনেছেন। সেই ক্রেতা দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন। আমি তাঁর সামনে যাই। ভেবেছি, তিনি সিঙ্গাপুরের কেউ। বাংলা বুঝবেন না। দেখি, তিনি বাংলায় আমার কথার উত্তর দিচ্ছেন। তারপর শুরু হলো দুজনের ঝগড়া। ঝগড়া দিয়ে শুরু। তবে ঝগড়ার মধ্যেও তাঁর স্টাইল আর ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হয়েছি। তারপর মাস ছয়েক কেটে গেছে। আমি সেভ দ্য চিলড্রেনের একটা অনুষ্ঠান করতে দুবাই যাই। ওই অনুষ্ঠানে তাঁর সঙ্গে দেখা।
সিঙ্গাপুরের ঘটনাটা মনে করে দুজন একচোট হেসে নিলাম। তারপর পরিচয়। সেই থেকে শুরু। মজার ব্যাপার হলো, ওই দিন তিনি তাঁর নাম আর কাজের ব্যাপারে মিথ্যা বলেছিলেন। পরে অবশ্য সব জানতে পেরেছি। কিন্তু তত দিনে আমি ক্রাশ। চাইলেও মিথ্যার জন্য তাঁকে কিছু বলতে পারিনি।
তবে তাঁর সঙ্গে আমি কত দূর এগিয়েছি বা এখনো তাঁর সঙ্গে আমার সম্পর্ক আছে কি না, এটা বলতে চাইছি না। শুধু বলব, ক্রাশ, প্রেম বা ভালোবাসা—আমার কাছে তিনি তা-ই। আর শুরুতে যতটা ভালোবেসেছি, এখনো তেমনি ভালোবাসি।
অনুলিখন: হাবিবুল্লাহ সিদ্দিক