ঝগড়াপুরে তিন জাহিদ!

‘ঝগড়াপুর’ কোনো গ্রামের নাম নয়, একটি নাটকের নাম।গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান।পরিচালনার পাশাপাশি ‘ঝগড়াপুর’ নাটকের তিনটি প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন জাহিদ হাসান।মীর, জাফর ও সিরাজ—এই তিন চরিত্রে নাটকটিতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেতা ও নির্মাতাকে।
এরই মধ্যে পুবাইলের বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে।এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন রোমানা।নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন রাত আটটায়।
নাটকটি সম্পর্কে জাহিদ হাসান জানিয়েছেন, ‘মীর, জাফর ও সিরাজ—তিনটি প্রতীকী চরিত্র।নাটকটির গল্পের ভেতরে আরও একটি সূক্ষ্ম গল্প বলার চেষ্টা করেছেন নাট্যকার।আর নিজের পরিচালিত নাটকে তিনটি চরিত্রে অভিনয় করা খুবই কঠিন কাজ ছিল আমার জন্য।আমার বিশ্বাস, বিনোদনের পাশাপাশি আমাদের ভাবনার জগতেও নাড়া দিতে পারে নাটকটি।’
নাটকটির মাধ্যমে কী ধরনের বার্তা সবার মাঝে পৌঁছে দিতে চেয়েছেন জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘এই নাটকের মাধ্যমে আমরা বলতে চেয়েছি, বাইরের কারও কথা না শুনে আমরা যদি নিজেদের মতো করে এগিয়ে যাই, তাহলে আমাদের দেশ ও সমাজটা একদিন অবশ্যই সুন্দর হয়ে উঠবে।’