ঝমঝম ছাপিয়ে ঝুমঝুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওডিশি নৃত্যশিল্পী শাশ্বতী বড়াই ঘোষ
ওডিশি নৃত্যশিল্পী শাশ্বতী বড়াই ঘোষ

বাইরে বৃষ্টির ঝমঝম। সেটা ছাপিয়ে নূপুর বেজে উঠল ঝুমঝুমিয়ে। শিল্পকলা একাডেমির নৃত্যকলা বিভাগের মহড়াকক্ষে মন্ত্রমুগ্ধ দর্শক দেখছিলেন শিক্ষার্থীদের ওডিশি নাচ। গত সাত দিনে তাঁরা শিখেছেন কলকাতা থেকে আসা শাশ্বতী বড়াই ঘোষের কাছে। এবার পরীক্ষার পালা।

না, নম্বরপত্র নিয়ে কোনো পরীক্ষক নেই তাঁদের সামনে। গতকাল কর্মশালার সমাপনী দিনে তাঁদের পরিবেশনার পর মুহুর্মুহু করতালি বুঝিয়ে দিল দর্শকদের পরীক্ষায় উত্তীর্ণ তাঁরা।

কেমন শিখলেন শিক্ষার্থীরা? পরিবেশনার শুরুতেই ওডিশি নৃত্যের চারটি ভঙ্গি দেখিয়ে প্রমাণ করলেন—শেখা হয়েছে অনেক কিছু। শাশ্বতী বড়াই ঘোষ শিষ্যদের পরিবেশনায় গর্বিত। বললেন, ‘আমি খুশি। ওরা খুব ভালো করেছে। ভিত্তি যত শক্ত হবে, তত ওরা ভালো করবে। এ জন্য আমি ওদের প্রচুর পায়ের কাজ করিয়েছি।’

গুরু শর্মিলা বিশ্বাসের কাছে ১৯ বছর ধরে ওডিশি নৃত্য শিখেছেন শাশ্বতী। শিল্পী পরিবারে বেড়ে উঠেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জয়নুল আবেদিনের যে আবক্ষ ভাস্কর্যটি দেখা যায়, সেটি গড়েছেন শাশ্বতীরই বাবা তারক গড়াই। তরুণ নৃত্যশিল্পী শাশ্বতী এরই মধ্যে পেয়েছেন ওস্তাদ আলাউদ্দীন খাঁ যুব পুরস্কার।

শিষ্যদের পরিবেশনার পর শাশ্বতী নিজে দেখালেন ওডিশি নৃত্যের বিভিন্ন অংশ—মঞ্চ প্রবেশ, মারগাম, পল্লবী। ওডিশি নৃত্যের এই পরিভাষাগুলো থাকে নৃত্যশিল্পীদের জন্য। দর্শকেরা কেবল মুগ্ধ হতে পারেন। সাত দিনের প্রশিক্ষণে বিভিন্ন সংগঠনের হয়ে দীক্ষা নিয়েছেন ৫৬ জন। ছোট, মাঝারি ও বড় তিন ভাগে শিখেছেন তাঁরা।

কেন এই প্রশিক্ষণের আয়োজন? আয়োজক নৃত্যনন্দনের পরিচালক শিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ভরতনাট্যম, কত্থক ও মণিপুরি যতটা পরিচিত আমাদের দেশে, ওডিশি ততটা নয়।’ আগামী জানুয়ারি মাসে বড় আয়োজন করতে চান ওডিশি নৃত্য নিয়ে। এ তারই প্রস্তুতি।

নাচ শিখে কী বলছেন শিষ্যরা? একজন বললেন, ‘অনেক কিছুই শিখেছি। বিরক্ত লাগেনি। খুব আনন্দ লেগেছে।’ গতকাল তাঁদের পরিবেশনার সময় উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী আমানুল হক, নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব হোসেন এবং আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠান শেষ। বেরিয়ে আসছি মহড়াকক্ষ থেকে। বাইরে তখনো বৃষ্টি। মনে তখনো বাজছে তা-দি-তি-না-কা-দি-নি।