ঝর ঝর নির্ঝর
ভক্ত বলে কথা! একদমই নাছোড়বান্দা। সামনে প্রিয় গায়িকা। একটা ছবি তুলব না, সে কি হয়! চেনামাত্রই ঝাঁপিয়ে পড়েছে সবাই। ‘আপনাকে আমাদের খুবই পছন্দ। আপনার গান যে কতবার শুনেছি!’ কথার ফুলঝুরি এবং ছবি তোলা শুরু হয়ে গেল। আমরা পড়লাম বিপাকে। শেষ বিকেলের আলো চলে যাচ্ছে। ছবিটা এখনই তুলতে না পারলে আর তুলব কখন? অবশেষে ভক্তদের বুঝিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বের হয়ে এলেন আজমেরী নির্ঝর। ভক্তদের ছবি তোলার পালা শেষ। শুরু হলো ‘আনন্দ’-এর প্রতিবেদনের জন্য ছবি তোলার পর্ব। নির্ঝর নামটিতেই বেশি পরিচিত তিনি। সম্প্রতি তাঁর গাওয়া ‘আরাধনা’ গানটি জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত বের হওয়া তিনটে অ্যালবামের নামের শেষেই ‘মুখী’ আছে। কৌতূহল নিয়েই কারণটা জানতে চাইলাম। ‘প্রথম অ্যালবামটির নাম ছিল পোড়ামুখী। ২০০৩ সালে বের হয়েছিল। ‘তখন ছোট ছিলাম। আমাকে দরকার নেই বলে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছিল। অনেক কষ্ট পেয়েছি এবং করেছিও। এ কারণেই সুরকার এবং সংগীত পরিচালক বাসুদেব ঘোষকে বললাম পোড়ামুখী নাম রাখতে।’—জানান নির্ঝর। ‘সূর্যমুখী অ্যালবামটি করার সময় উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম। এখন অনেক স্বপ্ন দেখতে ভালোবাসি। ভবিষ্যতে কোন ধরনের কাজ করলে সবার ভালো হবে, এ নিয়ে চিন্তা করি।’ এ কারণেই গত বছর বের হওয়া অ্যালবামটির নাম দিয়েছেন স্বপ্নমুখী। একক অ্যালবাম ছাড়াও বেশ কিছু মিক্সড অ্যালবামে কাজ করেছেন। সম্প্রতি টেলিভিশন এবং মোস্ট ওয়ান্টেড ছবির গানে কণ্ঠ দিয়েছেন। গানের ঝর ঝর ধারায় অবগাহন করছেন এখন তিনি।নজরুলসংগীতের ওপর ১০ বছরের প্রশিক্ষণ নিয়েছেন খুলনার নজরুল একাডেমি থেকে। খুলনাতেই জন্ম, সেখানেই বড় হয়ে ওঠা নির্ঝরের। গান শেখা শুরু হয়েছে নাচ শিখতে গিয়ে। দাদি পেয়ারা বেগম গান গাইতেন পাকিস্তান বেতারকেন্দ্রে। তাঁর কাছেই গানের হাতেখড়ি পাঁচ বছর বয়সে। তিন বছর ওস্তাদ গোলক বিহারীর কাছে উচ্চাঙ্গসংগীতের ওপর প্রশিক্ষণ নিয়েছেন। ভালো শিল্পী হওয়ার জন্য উচ্চাঙ্গসংগীত শেখার প্রয়োজনীয়তা আছে কি না, জিজ্ঞেস করতেই মাথা নাড়িয়ে ‘হ্যাঁ’ বললেন। নির্ঝর বলেন, ‘গানের মূল ভিত গড়ে দেয় উচ্চাঙ্গসংগীত। গানের ভিত, সুর, লয়, তাল, মাত্রা যদি না জানা যায় তাহলে নিজেকে বেশিদিন ধরে রাখা যাবে না।’ বাংলাদেশে মেয়েদের একক অ্যালবাম খুব একটা জনপ্রিয়তা পায় না বলে মনে করেন নির্ঝর। এদিক দিয়ে নিজেকে অনেকটাই ভাগ্যবতী ভাবছেন। ‘ঢাকার বাইরে স্টেজ পারফরমেন্স করতে গেলেই বোঝা যায় “আরাধনা” গানটি শ্রোতাদের অনেক প্রিয়। বারবার এ গানটি গাইবার জন্যই ফরমায়েশ আসতে থাকে।’ এখন পর্যন্ত শুধু আধুনিক গান গেয়েছেন নির্ঝর। তবে সব ধরনের গান শুনতেই পছন্দ করেন তিনি। দিনে প্রতিদিন দেড় ঘণ্টার মতো রেওয়াজ করেন। গানের পাশাপাশি পড়াশোনার জন্যও প্রচুর সময় দিতে হচ্ছে। লালমাটিয়া মহিলা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক পাস করেছেন। ২০০৫ সালে লন্ডনে মার্কেটিংয়ের ওপর এমবিএ করেছেন। এরপর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়েছেন অক্সফোর্ড ব্রুক্স থেকে। গায়িকা না হলে ব্যবসায়ী হতেন তিনি। নিজেকে খেটে খাওয়া মানুষ বলে মনে করতেই বেশি পছন্দ করেন। আর কোনো একক অ্যালবাম তৈরি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে কাজী নজরুল ইসলামের কিছু গান নিয়ে একটি একক অ্যালবাম করার ইচ্ছা আছে। সামনে তাঁর প্রচুর কাজ। এখন আপাতত সেগুলো নিয়েই পার করছেন ব্যস্ত সময়।