
প্রদীপের নিচে ঠিক যেমন আঁধার থাকে, তেমনি বিনোদন জগতের চোখ ধাঁধানো আলোয় চোখে পড়ে না কতটুকু সহিষ্ণুতা, মনের জোর আর ধৈর্য নিয়ে এখানে প্রতিনিয়ত টিকে থাকতে হয়। এই আপাত ঝা-চকচকে দুনিয়াটা ‘ডু অর ডাই’। এর কেউ এখানে টিকে যায়, আবার কেউ অসম্ভব প্রতিভাবান হয়েও হারিয়ে ফেলে নিজেকে। তেমনই একজন ঝরে যাওয়া তারার নাম এমি ওয়াইনহাউস।
জ্যাজ সংগীতশিল্পী থেকে সারা বিশ্বের নামকরা পপ গায়িকা, অকালপ্রয়াত ব্রিটিশ সংগীতশিল্পী এমি ওয়াইনহাউসের উত্থানের গল্পটা স্বপ্নের মতোই ছিল। ২০০৩ সালে প্রথম অ্যালবাম ফ্র্যাঙ্ক দিয়ে পরিচিতি, এরপর ২০০৬ সালে ব্যাক টু ব্ল্যাক দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পান এই তারকা। এই অ্যালবামের জন্য প্রথম ব্রিটিশ নারী শিল্পী হিসেবে তিনি পাঁচটি গ্র্যামি জয় করেন। মখমলের মতো মোলায়েম কণ্ঠ আর অনন্যসাধারণ গায়কির জন্য বিখ্যাত এই গায়িকাকে ২০১১ সালের ২৩ জুলাই নর্থ লন্ডনের কেমডেনের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ ছিল অ্যালকোহলের বিষক্রিয়া। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যুবরণ করে সংগীতজগতের ‘নটোরিয়াস টোয়েন্টি সেভেন ক্লাব’-এর দলে নাম লেখান তিনি।
এই ক্ষণজন্মা শিল্পীর জীবন নিয়ে বানানো প্রামাণ্যচিত্র এমি মুক্তি পেয়েছে ৩ জুলাই। পরিচালক আসিফ কাপাডিয়া দুই বছর আগে প্রামাণ্যচিত্রটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। প্রামাণ্যচিত্রের গল্পটা পুরোটুকুই এগিয়েছে এমি ওয়াইনহাউস এবং তাঁর চারপাশ, বন্ধু আর পরিবারকে ঘিরে। ইউনিভার্সাল মিউজিক পরিচালক আসিফ কাপাডিয়াকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল প্রামাণ্যচিত্রটি বানানোর জন্য। অপ্রকাশিত গানের সঙ্গে সঙ্গে অ্যামির ছোট জীবনের বিভিন্ন সময়ের টুকরো ভিডিওচিত্র, ছবি আর এমির পরিচিত মানুষের ইন্টারভিউ নিয়ে সাজানো হয়েছে ১২৮ মিনিটের এমি। তাঁর অসুস্থতা নিয়ে পরিবারের উদাসীন ভূমিকা, বাবার স্বার্থপরতা, তাঁকে মাদকের সঙ্গে পরিচিত করানো সাবেক স্বামীর পাশাপাশি এখানে রয়েছে অসম্ভব ভালো মনের কিছু বন্ধুর কথা, এমিকে সাহায্য করার জন্য যাঁদের চেষ্টার কমতি ছিল না।
গল্পের শুরুটা হয়েছে ১৪ বছরের এমিকে দিয়ে। বন্ধুর জন্মদিনে ‘হ্যাপি বার্থডে’ গাওয়া লাজুক মেয়েটি কী করে মাত্র ২৭ বছর বয়সেই নিজের প্রতিভায় মুগ্ধ করেছিল সংগীতপ্রেমীদের; তারপর পাপারাজ্জি, মাদক, বারবার ভুলের ফাঁদে পা দিয়ে কীভাবে এত অল্প বয়সে চলে যাওয়া ব্যক্তিদের খাতায় তাঁকে নাম লেখাতে হয়েছিল, তারই করুণ আখ্যান আছে এমিতে। গল্পটা যেন এমির নিজের হাতেই লেখা, ছবিটি দেখতে গিয়ে তাই একবারের জন্যও হোঁচট খেতে হয়নি দর্শকদের। আশা আর অসহায়ত্ব, এই দুইয়ের মাঝামাঝি অদ্ভুত এই ছবি দেখার পর একটা প্রশ্নই মনে জাগে, এমির অকালমৃত্যুর জন্য তাঁর বুনো জীবন আর মাদকাসক্তির সঙ্গে তাঁর অসহায় অবস্থায় চারপাশের চাপ আর নিষ্ঠুর বিনোদন জগৎটাও কি সমানভাবে দায়ী নয়?
ইয়াহু মিউজিক অবলম্বনে