‘আমি হায়দরাবাদের পথে আছি, দাদা। যাচ্ছি শুটিংয়ে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে কাজ করব। ৮ সেপ্টেম্বর থেকে আবার কলকাতায় কাজ। সামনে পুজো তো, তাই ঝটপট কাজগুলো শেষ করে নিতে হচ্ছে।’কথাগুলো বলছিলেন কোয়েল মল্লিক। ঢাকা থেকে মুঠোফোনে কোয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে কোয়েল জানাচ্ছিলেন তাঁর অবস্থানের কথা। যাত্রাপথেই ২৯ বছর বয়সী টালিগঞ্জের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকা বলছিলেন তাঁর অভিনয় আর ব্যক্তিজীবনের কথা।স্কুলে পড়ার সময়ই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবটা পেয়েছিলেন কোয়েল। কিন্তু বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপার কথা ছিল, পড়াশানা শেষ না করে অভিনয় নয়।কোয়েলের অবশ্য এ নিয়ে আক্ষেপ ছিল না কখনোই। কোয়েল যখন স্নাতক শ্রেণীতে পড়েন, সে সময় হরানাথ চক্রবর্তী কোয়েলের কাছে গেলেন সমরেশ বসুর উপন্যাস নিয়ে। বললেন, ‘ছবিটি করবে নাকি?’ কোয়েল এবারও ছবি করার আগ্রহ প্রকাশ করলেন। রঞ্জিত মল্লিক মেয়েকে ডেকে বললেন, ‘সিনেমায় অভিনয় শুধু অভিনয় করা নয়, অনেক দায়িত্ব নিয়ে কাজ করা, অনেক কিছুই নিজের আয়ত্তে নিয়ে নেওয়া। তুমি যদি এসব করতে প্রস্তুত থাকো, তবে করতে পারো।’কোয়েল নাটের গুরু ছবি দিয়ে কাজ শুরু করলেন। রঞ্জিত মল্লিক নিজেও অভিনয় করলেন। কোয়েলের নাম ছড়িয়ে পড়ল পুরো বাংলায়।এরপর শুধু তুমি, দেবীপক্ষ, বন্ধন, বাদশা যুদ্ধ, শুভ দৃষ্টি, মানিক, চোরে চোরে মাসতুতো ভাই, হিরো, ঘাতক, এরই নাম প্রেম, শিকার, নবাব নন্দিনী, চাঁদের বাড়ি, প্রেমের কাহিনি, লাভ, বর আসবে এখুনি, মন মানে না, চিরসাথি, জ্যাকপট, প্রেমী নাম্বার ওয়ান, সাথ পাকে বাঁধা, নীল আকাশের চাঁদনী, হিটলিস্ট, বলো না তুমি আমার, প্রেম বাই চান্স, দুই পৃথিবী, মন যে করে উরু উরু, পাগলু—এসব ছবি কোয়েলকে পৌঁছে দিয়েছে ক্যারিয়ারের স্বর্ণচূড়ায়।কার সঙ্গে অভিনয় করেননি তিনি! দেব, জিৎ, প্রসেনজিৎ. মিঠুন চক্রবর্তী—প্রত্যেকের সঙ্গে কোয়েলের ব্যবসাসফল ছবি রয়েছে।তবে এত সব সাফল্য তাঁকে অহংকারী করেনি। ‘আমি জানি না, অভিনয়টাই আমার পেশা কি না। এখনো তো কাজ শেখা আর আর জানার চেষ্টা করছি। হয়তো একেই আমি পেশা হিসেবে নেব। প্রথম কাজটা যখন শেষ করলাম, তখন অনেকেই বলল, “মন দিয়ে অভিনয় করো”। আমি কিন্তু আগে আমার পড়াশোনাটা শেষ করেছি। তারপর অনেকগুলো ছবি নিয়েছি। এখন অভিনয় নিয়েই ব্যস্ত। আর যে পড়াশোনাটা করলাম, সেটা কাজে লাগাব ভবিষ্যতে।’ বলছিলেন বিনয়ী কোয়েল।কোয়েলের এই উত্থানের পেছনে কি বাবা রঞ্জিত মল্লিকের প্রভাব রয়েছে?প্রশ্ন শুনে কোয়েল বললেন, ‘দেখুন, প্রথমত, আমি যখন অভিনয়ে আসিনি, তখনো কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ড আমাকে সব সময় আকর্ষণ করেনি। বাবার অভিনয় ভালো লাগত বটে, কিন্তু তাঁর সুনাম পুঁজি করে গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রবেশ করব এমন মানসিকতা কখনোই কাজ করেনি। কেউ যদি বলত “তোমার বাবা তো একজন অভিনেতা, তাই কি তুমি অভিনয় করতে চাও?” আমি জোরালোভাবে বলতাম, না। অভিনয় করতে রাজি হয়েছি নাটের গুরু ছবির গল্পটা ভালো বলে। তারপর আস্তে আস্তে এ কাজটার মধ্যে আনন্দ পেয়েছি। তাই করছি। বাবা আমাকে পরামর্শ দিয়েছেন। সেগুলো আমি মেনে চলেছি। আমাকে ছায়া দিয়েছেন। কিন্তু বাবার প্রভাব কখনো কাজে লাগিয়ে আজকের অবস্থানে আসিনি।’কিন্তু বাবা তো অভিনয় করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করেছেন?কোয়েল কিছুটা সময় যেন ভাবলেন। ‘দেখুন, আমার বাবা ও আমি—দুজনই একটা কথা বিশ্বাস করি, অভিনয়টা আসলে শেখানোর কিছু নেই। বলেকয়ে এখানে কিছু হয় না। অভিনয়টা আসতে হবে স্বাভাবিকভাবেই। যখন কাজটা করতে যাব, তখন কাজের মধ্যে থেকেই এটা বের করে নিয়ে আসতে হবে। আমি কখনো অভিনয় করার সময় বাবার কাছে বলি না, “বাবা, কীভাবে কাজটা করব?” বাবাও এটা বলেন না। তবে কোনো ছবি হাতে নেওয়ার আগে ছবির গল্পটা দেখে নেওয়া জরুরি। এ ব্যাপারে বাবা আমাকে সহযোগিতা করেন। বাবা যদি বলেন “এই ছবিটা করতে পারো”, তখনো আমি তাকে অনেকগুলো প্রশ্ন করি। বাবা সেসব প্রশ্নের উত্তর আমাকে দেন এবং ওই চরিত্রে কীভাবে কাজ করা উচিত, তা বলে দেন। বাবার কাছ থেকে আমি এভাবে সহযোগিতা আগেও নিয়েছি, এখনো নিচ্ছি। আমি যখন ছবিতে প্রথম অভিনয় শুরু করলাম, তখন কিন্তু প্রথম দিন থেকেই পরিচালকের সহযোগিতা নিয়েছি। ওই ছবিতে বাবাও ছিলেন। কিন্তু বাবা কোনো কথাই বলতেন না। রাতের বেলা আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছি, কিন্তু সিনেমা নিয়ে কথা হতো না। ছবির কাজ শেষে বাবা বলতেন, “পরিচালক তোমাকে দিয়ে ভালোভাবেই কাজ করিয়ে নিয়েছে।”কোয়েল যেমন বাণিজ্যিক ছবিতে সফল হয়েছেন, তেমনি আবার শৈল্পিক ছবিতেও প্রশংসা কুড়িয়েছেন। জানতে চাইলাম, কোন ধরনের চলচ্চিত্রে কাজ করে বেশি আনন্দ পান তিনি।কোয়েল বললেন, ‘আমি গাছের নিচে, নদীর ধারে নাচতে যেমন পছন্দ করি, তেমনি আবার বাস্তবমুখী চরিত্রে কাজ করতে পছন্দ করি। প্যারালাল ছবিগুলোতে যখন কাজ করি, তখন মনে হয় এটা তো আমার জীবনেরই একটা অংশ। আমি অভিনয় করছি, সেটাই যেন ভুলে যাই। আর বিনোদনমূলক ছবিতে কাজ করতে গিয়ে মনে হয় জীবনের যে তিক্ততা আছে, গ্লানি আছ—সবই যেন ভুলে যেতে বসেছি। মনে হয়, সুন্দর একটা জায়গায় বসবাস করছি, যেখানে নিজের মতো করেই সবকিছু পরিচালিত হয়। যখন ক্যামেরা থেমে যায়, তখন আবার বাস্তবে ফিরে আসি।’কোয়েল শুটিং শেষ করে যখন বাস্তবে ফিরে আসেন, তখন পছন্দ করেন ছবি আঁকতে আর গান শুনতে। বই পড়ার অভ্যাসটা আছে অবশ্য, তবে সময় পেলে ছবি আঁকাআঁকির শখটাই তাঁকে পেয়ে বসে। সাগর মৈত্রীটেলিফোন ও ওয়েবসাইট অবলম্বনে