ঝলমলে সেই রাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ জানুয়ারি ‘৬০তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সালমান খান ও দীপিকা
৩১ জানুয়ারি ‘৬০তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সালমান খান ও দীপিকা

বছরের প্রথম মাসের শেষ দিনটি হয়ে উঠল বছরের সবচেয়ে আলোকোজ্জ্বল রাত। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে যাঁরা ছিলেন, তাঁরা এ কথা স্বীকার না করে পারলেন না। অনেক উৎকণ্ঠা, কৌতূহল আর নাটকীয়তার মধ্য দিয়ে জানা গেল ‘৬০তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ আয়োজনে এবার সেরা হয়েছেন কঙ্গনা রনৌত আর শহীদ কাপুর। কিন্তু উদ্যাপন কি আর শুধু বিজয়ীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ফিল্মফেয়ার পুরস্কার আয়োজন বরাবরই সময়কে স্থির করে দিয়ে যায়। কিছু সাধারণ মুহূর্তকে ইতিহাসে আলাদা স্থান করে দেয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। আসুন জেনে নিই এবারের আয়োজনের কিছু খুচরা কথা।

দীপিকা
দীপিকা

সেলফিতে মগ্ন দীপিকা
রেড কার্পেটে সবাই ব্যস্ত নিজেকে গুছিয়ে নিতে। মূল আসরে প্রবেশের আগে পরিপাটি হওয়ার শেষ পর্ব রেড কার্পেটেই সারতে হয়। তাই সবার নজর থাকে সাজ আর পোশাকে। তবে দীপিকা ব্যস্ত অন্যকিছু নিয়ে। কী সেটা? তা হলো সেলফি! সবাই যখন তাড়াহুড়ো করে ঢুকছিলেন মিলনায়তনে, তখন হঠাৎ মাঝপথে থেমে গেলেন দীপিকা। হাতের ফোনটি সামনে এনে তুলে নিলেন সেলফি। তাঁর সেই সেলফি তোলার ঝোঁককে ক্যামেরাবন্দী করলেন আলোকচিত্রীরা। কিন্তু তাতে পাত্তাই দেননি দীপিকা। তিনি তো শুধু তাঁর মতো করে সেলফিই তুলে গেলেন!

শাহরুখ নেই!
এমন খুব কম হয়েছে যে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান হচ্ছে আর সেখানেই নেই শাহরুখ খান! প্রতিবারই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আয়োজনে শাহরুখের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। উপস্থাপনা, নাচ কিংবা অন্তত পুরস্কার বিতরণ পর্বে হলেও শাহরুখ তাঁর উপস্থিতি দিয়ে সবাইকে বিনোদন দেন। কিন্তু এবার ঘটল বিরল ঘটনা। শাহরুখ নেই ফিল্মফেয়ার পুরস্কারের ৬০তম আসরে। কেন? অনেক ঘাঁটাঘাঁটি করে বলিউডের গুঞ্জনগুরুরা বের করলেন কয়েকটি কারণ। তা হলো, গেল বছরটা খুব ভালো কাটেনি শাহরুখের। তিনি তো এবার সেরা অভিনেতার তালিকায় মনোনয়ন পর্যন্ত পাননি তাঁর হ্যাপি নিউ ইয়ার ছবির জন্য। তাই ব্যর্থতার এ দায়ভার নিয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসরে আসতে পারেননি কিং খান। তা ছাড়া তাঁর অনুপস্থিতির আরও একটি সম্ভাব্য কারণ হলো সালমান খান। অনুষ্ঠানে এ বছর সালমান মঞ্চে বেশ প্রভাব বিস্তার করেছেন। হয়তো সেটাও শাহরুখের মনে আঘাত দিয়েছে। এ জন্যই শাহরুখ বলিউডের সবচেয়ে বড় আয়োজনে অংশ নেওয়ার সুযোগকে এভাবে হাতছাড়া করলেন।


বৈচিত্র্যময় উপস্থাপনায়

৬০তম ব্রিটানিয়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস আসরে এবার সবচেয়ে আলোচিত হয়েছে উপস্থাপনা। বরাবরই চলচ্চিত্রের মানুষকে বেছে নেওয়া হয় উপস্থাপক হিসেবে। কিন্তু এ বছর ছিল ব্যতিক্রম। এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সঞ্চালনার গুরুদায়িত্ব পড়ে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় কৌতুকশিল্পী ও উপস্থাপক কপিল শর্মার ওপর। প্রথমে ‘লাফটার চ্যালেঞ্জ’, এরপর ‘কমেডি সার্কাস’, সবশেষ ‘কমেডি নাইটস উইথ কপিল’ দিয়ে ভারতীয় টেলিভিশনজগতে ঝড় তোলেন এই কৌতুকশিল্পী। তাঁর বিপুল জনপ্রিয়তার ভিত্তিতেই অবশেষে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কপিলকে চূড়ান্ত করা হয়। কপিলের সঙ্গে সঞ্চালকের ভূমিকায় আরও ছিলেন চিত্রপরিচালক করণ জোহর।

আদর রহমান

ফিল্মফেয়ার ম্যাগাজিন, টাইমস অব ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস, ডিএনএ ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামা অবলম্বনে