চ্যানেল নাইনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ডেড এন্ড। লিখেছেন ইফ্ফাত আরেফীন, পরিচালনা করেছেন মাসুদ মহীউদ্দিন। নাটকটিতে অভিনয় করছেন তানিয়া হোসাইন। কথা হলো তাঁর সঙ্গে।‘ডেড এন্ড’ নাটকটি নিয়ে কথা বলতে চাইছি।চমত্কার একটি গল্প। দেশের বাইরে অনেক নাটক করেছি। সেদিক থেকে আমি বলব, ডেড এন্ড অন্যতম ভালো একটি নাটক। এই নাটকের কাজ করেছি থাইল্যান্ডের পাতায়াতে। যেহেতু আগে থেকেই প্রয়োজনীয় নানা ধরনের অনুমতি নেওয়া হয়েছিল, তাই আমরা একেবারে ঝামেলামুক্ত একটা কাজ করতে পেরেছি। অভিনয়ের দিকটায় আমরা সবাই বেশি মনোযোগ দিয়েছি। পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা তো ছিলই।এই নাটকে দেখছি আপনার সংলাপ খুবই কম।ঠিক ধরেছেন। অভিব্যক্তি দিয়ে অনেক কিছু প্রকাশ করতে হয়। এখানে আমি যেকোনো ব্যাপারে একেবারেই নির্বিকার। সবার ধারণা, আমার মধ্যে একটু রহস্য লুকিয়ে আছে। আবার আমি কারও মুখ দেখেই তার ভবিষ্যত্ বলে দিতে পারি।চ্যানেল আইয়ের ‘মুন্নুজান’ নাটকের কী খবর?আমরা এই নাটকের কাজ করেছি মানিকগঞ্জে। নাটকে ‘মুন্নুজান’ চরিত্রটি করছেন তানিয়া আহমেদ। গ্রামের মানুষের কাছে তিনি দারুণ আতঙ্ক। সবাই তাঁকে ভয় পায়। তাঁর স্বামীরও একই অবস্থা। একটু মানসিক শান্তি পাওয়ার আশায় তাঁর স্বামী আমার কাছে আসেন। খবর পেয়ে আমার বাসায় এসেও হানা দেন তানিয়া আহমেদ।ইদানীং আর কী কাজ করছেন?এক ঘণ্টার কাজ বেশি করা হচ্ছে। কিছুদিন আগে লুসি তৃপ্তি গোমেজের তিনটি নাটকে কাজ করেছি—জলজোছনা, ম্যাচমেকার ও তবুও ছুট। লুসি আপু অভিনেতা আনিসুর রহমান মিলনের স্ত্রী। মজার ব্যাপার হলো, এই একটি নাটকেও কিন্তু মিলন ভাই নেই।