ঝামেলায় নিকোলাস কেজ
সেই ১৯৮০ সাল থেকে কাজ করছেন চলচ্চিত্রে। চলচ্চিত্রের মায়াময় পথঘাট তাই তাঁর ভালোই চেনা। রেইজিং অ্যারিজোনা, দ্য রক, ফেস অব থেকে শুরু করে হালের কিক অ্যাস কিংবা ঘোস্ট রাইডার—বলার মতো ছবি কম নেই তাঁর ক্যারিয়ারে। লিভিং লাস ভেগাস ছবিতে অভিনয় করে মাত্র ৩২ বছর বয়সে পেয়েছেন অস্কার। এই বয়সেও তাঁকে নিয়ে ভক্তদের মধ্যে দারুণ উন্মাদনা। ক্যালিফোর্নিয়ার এই তারকা অভিনয়ের পাশাপাশি সফলতার সঙ্গে কাজ করছেন প্রযোজক ও পরিচালক হিসেবেও। তাঁর কাজ ও অভিনয় নিয়ে ভক্তদের যে কোনো অভিযোগ নেই—এ কথা বলা যায় নিঃসন্দেহে। তবে নিকোলাস কেজের অভিনয়ের বাইরের জীবনটা অগোছালো। পর্দার ভদ্রলোকটি বাস্তব জীবনে বড্ড পাগলাটে ও বেপরোয়া। আজকাল অভিনয়ের চেয়ে নিজের এলোমেলো কাণ্ডকীর্তির জন্যই বেশি উঠে আসছেন খবরে।এর আগে কর ফাঁকি দিয়ে পড়েছিলেন বিপদে। আর সপ্তাহ খানেক আগে মাতাল হয়ে স্ত্রী এলিস কিমের গায়ে হাত তুলে ধরা পড়লেন পুলিশের হাতে। প্রথম বিয়ে করেছিলেন ১৯৯৫ সালে। অভিনেত্রী প্যাট্রিসিয়ার সঙ্গে সে বিয়ে টিকেছিল মাত্র ছয় বছর। এরপর জীবনে এল গায়ক এলভিস প্রিসলির মেয়ে লিসা। ২০০২ সালের আগস্টে বিয়ে করে নভেম্বরেই বিচ্ছেদের জন্য আবেদন করেন কেজ ও লিসা। মাত্র তিন মাসেই যেন ফুরিয়ে গেল তাঁদের ভালোবাসা। কেজ কখনোই থিতু হওয়ার নন—এমনটাই ভেবে নিল ভক্তরা। ২০০৫ সালে ওয়েট্রেস এলিস কিমের সঙ্গে আবার বিয়ের পিঁড়িতে বসলেন কেজ। ন্যাড়া একবারই বেলতলায় যায়; কিন্তু কেজ যেন পণ করেছেন, থিতু না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না তিনি। কেজের এহেন কাণ্ডে অবশেষে হাল ছাড়লেন ভক্তরাই। কিমের সঙ্গে ছয় বছর নির্বিঘ্নে পার করার পর ভক্তরা ভাবল, মানুষ বদলায়। এরই জের ধরে বদলে গেছেন নিকোলাস কেজও। সবই ভুল! নিজের পাগলামির কথা ভক্তদের মনে করিয়ে দেওয়ার জন্যই হয়তো ১৫ এপ্রিল মাতাল হয়ে চিৎকার-চেঁচামেচি করে পাড়ার লোকের শান্তি নষ্ট করেছিলেন কেজ। কিমের সঙ্গে ঝগড়ার সময় তুলেছিলেন হাত। অবশেষে পুলিশ গ্রেপ্তার করে কেজকে। ১১ হাজার ডলার দিয়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তাঁকে মে মাসে হাজির হতে বলা হয়েছে কোর্টে। এসব ঝক্কির ভেতরেই বিয়ে করবেন বলে মনস্থ করেছেন কেজের ২০ বছর বয়সী ছেলে ওয়েস্টন। বাবা হিসেবে কেজের তাই অনেক দায়িত্ব। সে যা-ই হোক, কেজের ভক্তদের যেন এখন একটাই চাওয়া—কাজের ক্ষেত্রে বাবার মতো গুণী হও; কিন্তু ব্যক্তিজীবনে বাবার পথে হেঁটো না, ওয়েস্টন...। কিঙ্কর আহ্সান