ঝিলিকের ‘ঝিলিক দ্য লাইটনিং’
তিন বছর পর নিজের নতুন একক ‘ঝিলিক দ্য লাইটনিং’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ২০০৮ সালের চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী ঝিলিক।এটি ঝিলিকের দ্বিতীয় একক অ্যালবাম। নিজের নামের সঙ্গে মিল রেখেই অ্যালবামটির নাম রেখেছেন ‘ঝিলিক দ্য লাইটনিং’।অ্যালবাম প্রসঙ্গে ঝিলিক বলেন, ‘প্রথম অ্যালবাম প্রকাশের প্রায় তিন বছর পর আমার দ্বিতীয় একক অ্যালবাম আসছে। বেশ সময় আর যত্ন নিয়েই এ অ্যালবামটির কাজ করেছি। অ্যালবামটির জন্য বর্তমান সময়ের আলোচিত সুরকার-সংগীত পরিচালকেরা কাজ করেছেন। তাই গানের সুর ও সংগীতায়োজনে শ্রোতারাও বৈচিত্র্য খুঁজে পাবেন।’জানা গেছে, এক বছর ধরেই ঝিলিক তাঁর দ্বিতীয় একক অ্যালবামটির কাজ করছিলেন। অ্যালবামে গান থাকবে নয়টি। এর মধ্যে একটি গানের দুটি ভার্সন রাখা হবে বলেও জানিয়েছেন ঝিলিক। অ্যালবামের একটি দ্বৈত গানে ইবরার টিপুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘নীল আকাশ’ শিরোনামের এ গানটির মিউজিক ভিডিও সম্প্রতি সিলেটের শ্রীমঙ্গলে চিত্রায়ণ করা হয়েছে। মিউজিক ভিডি ওটি নির্মাণ করছেন সুব্রত সরকার।ঝিলিক আরও বলেন, রোজার মাঝামাঝি অ্যালবামটি প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন টিভি চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রচারিত হবে।‘ঝিলিক দ্য লাইটনিং’ অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, মাহমুদ সানী, সন্ধি ও সাজিদ সরকার। আরফিন রুমির সংগীতায়োজনেও একটি গান থাকবে বলে জানিয়েছেন ঝিলিক।চ্যানেল আই-সেরাকণ্ঠ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ২০০৯ সালে সাউন্ডটেকের ব্যানারে বাজারে এসেছিল ঝিলিকের প্রথম একক অ্যালবাম ‘আমার কি দোষ’।