১৯৭৮ সালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, তখন আমি প্রথম নাটকের দল থিয়েটারের হয়ে কাজ শুরু করি। সেই বছরই প্রথম আবদুল্লাহ আল-মামুনের রচনা ও নির্দেশনায় এখনই সময় নাটকে অভিনয় করি। নাটকে আমার চরিত্রটি ছিল একজন শ্রমিকের। এরপর করলাম সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়। এখানে করেছি দ্বিতীয় যুবক চরিত্র। পরের বছর করি এখনো ক্রীতদাস নাটকটি। এখানে চরিত্র ছিল একজন ফাইটারের। মজার ব্যাপার হলো, সে সময় এ তিনটি নাটকেই আমি বিকল্প চরিত্রে কাজ করেছি। এরপর তো থিয়েটারের হয়ে আরও একাধিক নাটকে কাজ করেছি। ১৯৮৯ সালে থিয়েটার থেকে বেরিয়ে নাট্যকেন্দ্র গঠন করি। এই দলের হয়ে ১৯৯২ সালে প্রথম বিচ্ছু নাটকে অভিনয় করি। নাটকটি সে সময় মঞ্চে ব্যাপক সাড়া তুলেছিল। একে একে নাট্যকেন্দ্রের ক্রসিবল, প্রতিসরণ, আরজচরিতামৃত নাটকগুলোতে অভিনয় করি। এখন বর্তমান দলের নতুন নাটক ডালিম কুমার-এ অভিনয় করছি।