ঝুনা চৌধুরী ৫ প্রশ্ন
জাতীয় নাট্যশালায় সম্প্রতি হয়ে গেল জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা। সরকারি অনুদানে দুটি উৎসবই আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উৎসব ধরেই কথা বলেছেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। জাতীয় নাট্যোৎসব ও দুই বাংলার নাট্যমেলা—কেমন হলো উৎসব দুটি?খুবই ভালো হয়েছে। জাতীয় নাট্যোৎসবে সাতটি বিভাগের আটটি নাটকের দল অংশ নিয়েছিল এবং দুই বাংলার নাট্যমেলায় বাংলাদেশের দল ছাড়া ভারতের কলকাতা, বহরমপুর ও উড়িষ্যার নাটকের দল অংশ নেয়। এবারই প্রথম ফেডারেশনের নাট্যোৎসবে উড়িষ্যার কোনো নাটকের দল অংশ নিল। দলটির নাম নাট্যচেতনা। দলটি ফুলা নাটকটি মঞ্চায়ন করে। দুটি উৎসবেই দর্শকের অংশগ্রহণ ভালো ছিল। এত কাছাকাছি সময়ে দুটি উৎসব আয়োজন করার কারণ কী?আমরা এবারই প্রথম বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে থিয়েটারের জন্য বরাদ্দ পেয়েছি। সরকারের নিয়ম হলো, ১ জুন থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে বরাদ্দ করা অর্থ খরচ দেখাতে হবে। তা না হলে অর্থ ফেরত যাবে। আমরা বছরের শুরুতেই আবেদন করেছিলাম। কিন্তু এ বছরের এপ্রিলে বরাদ্দ পাই। যেহেতু জুনের আগে দুই মাসের মধ্যে থিয়েটারের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় করতে হবে। এত কম সময়ে এই অর্থ কোনো প্রস্তুতি ছাড়া খরচ করা কঠিন। আমাদের নাটকের দলগুলো সারা বছরই নাটক মঞ্চায়ন করে। এ কারণে দলগুলোর নাটক প্রস্তুত ছিল। পাশাপাশি বরাদ্দ করা অর্থ দিয়ে একটু অন্যভাবে উৎসব করার জন্য আমরা ওপার বাংলা থেকেও নাটকের দলকে আমন্ত্রণ করি। যেহেতু সময় কম ছিল, এ জন্য আমরা জাতীয় নাট্যোৎসব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নাট্যমেলারও আয়োজন করে ফেলি।ফেডারেশনের আয়োজনে দুই বাংলার এই নাট্য আয়োজন কি প্রথম?হ্যাঁ। এবারই আমরা বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে এ ধরনের একটা উৎসব আয়োজন করি। দেশের বাইরের দল নিয়ে উৎসব সফল হলেও আয়োজনের ক্ষেত্রে তৃপ্ত না। এই আয়োজন করতে গিয়ে অনেক ঝামেলা সামাল দিতে হয়েছে। জুন মাস প্রায় শেষ। বরাদ্দ করা অর্থ থিয়েটারে ব্যয় কী সম্পূর্ণ হয়েছে?না, তা শেষ করা যায়নি। এখনো তো মাসের কিছুদিন বাকি আছে। এ ছাড়া ফেডারেশনের দেশব্যাপী কিছু কাজ চলছে। কলকাতায় দেশের ১০ জন তরুণ নির্দেশককে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া গত ২৭ জুন থেকে ২৯ জুন বিভাগীয় শহরে নাট্য কর্মশালা শেষ করা হয়েছে। আরও কিছু কাজ শুরু হয়েছে। এ মাসে তা শেষ হবে না। যেহেতু এখন থেকে নিয়মিতই সরকার এই বরাদ্দ দেবে। কোনো পরিকল্পনার কথা ভাবছেন কি?বড় কথা হলো, জুনে বাজেট বরাদ্দ হয়। আমরা সময়মতো বরাদ্দ পেলে এক বছরের মধ্যে থিয়েটারের অনেক সৃজনশীল কাজ করতে পারি। এখন থেকে আন্তর্জাতিকভাবে দেশের বাইরে থেকে নির্দেশক এনে আমাদের নাট্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। ফলে আমাদের নাটকের মান আন্তর্জাতিকভাবে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।