ঝুমবৃষ্টিতে দিনভর কত আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই ঝুমবৃষ্টি। এফডিসির প্রবেশপথে আজ তাই কোনো ভিড় নেই। নিরাপত্তা প্রহরীরা মাঝেমধ্যে ছাতা মাথায় দিয়ে প্রবেশদ্বার খুলে দিচ্ছেন। দু-একটা গাড়ি হর্ন বাজিয়ে ছুটে এফডিসির ভেতরে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে।তিন নম্বর ফ্লোরের সামনে দু-একটা গাড়ি। ফ্লোরের সামনেই নাচের সহশিল্পীরা। মুস্তাফিজুর রহমান মানিক এমনই তো প্রেম হয় ছবির শুটিং করছেন। এই ছবির মাধ্যমেই শাবনূর আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। ফ্লোরের ভেতরে উৎসব হচ্ছে। এই উৎসবে নাচ করছেন ইমন। কিন্তু শাবনূর কোথায়?পরিচালক মানিক বললেন, তিনি তো আজ নেই। এই সেটে শাবনূরের কাজ শেষ। তবে কাল থেকে তিনি টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে কাজ করবেন।তিন নম্বর ফ্লোর থেকে বেরিয়ে সোজা ডাবিং থিয়েটারে গিয়ে দেখা গেল, শাকিব খান খবরের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছেন। কাজী হায়াৎ তাঁর ছবির ডাবিং করছেন। সেখানেই এসেছেন উজ্জল। সবার মধ্যে আলোচনা একটাই, ভারতীয় ছবির সেন্সর সনদ দিয়ে দেওয়া হলো। এখন কী হবে? কাজী হায়াৎ একটু উচ্চস্বরেই বললেন,‘কী হবে মানে? কিছুই হবে না। ছবি আসবে, মানুষ দেখলে ছবি চলবে। আমরা আমাদের জায়গাতেই থাকব।’তবে শাকিব বিষয়টি এভাবে দেখছেন না। তিনি বললেন, ‘আমরা যেকোনো উপায়ে হোক, ভারতীয় ছবির প্রদর্শন প্রতিহত করব।’ তিনি আরও জানান, গোলটেবিল আলোচনা অনুষ্ঠান, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। পরিচালক এম বি মানিক শাকিব খানকে তৈরি হতে বললেন।শাকিব পোশাক পাল্টে চলে গেলেন শুটিং স্পটে। দুর্ধর্ষ প্রেমিক ছবির শুটিং করছেন তিনি। মান্না ডিজিটাল সাউন্ড কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছেন অপু বিশ্বাস। মেঘলা আকাশ। বৃষ্টিও হচ্ছে জোরেই। তাই দিনের বেলাতেই বড় বড় ডে-লাইটের আলো ফেলা হয়েছে শুটিং স্পটে।ক্যামেরা চালালেন আসাদুজ্জামান মজনু। একটি গাড়ি ছুটে এল। গাড়ি থেকে নামলেন অপু। নেমেই তাঁর মেজাজটা খারাপ হয়ে গেল। কারণ, সামনেই দাঁড়িয়ে আছেন এমন একজন, যাকে তিনি কোনোভাবেই সহ্য করতে পারেন না। সামনে দাঁড়ানো যুবকটি অবশ্য কিছু মনে করলেন না। উল্টো শাকিব অপুর মন পাওয়ার জন্য আরও এগিয়ে গেলেন। পরিচালক ক্যামেরা থামিয়ে দিলেন।সেখান থেকে বেরিয়ে গেলাম পরিচালক সমিতিতে। সেখানে সবাই বেশ উত্তেজিত। ভারতীয় ছবি সেন্সর সনদ পেয়েছে, কেন পেল? এখন কী হবে? এসব নিয়েই এফডিসিতে আলোচনা। অবশ্য প্রযোজক পরিবেশক সমিতিতে এখন নির্বাচনী উত্তেজনা। ১১ আগস্ট নির্বাচন। দুটি প্যানেল নির্বাচনে লড়ছে। সাধারণ সদস্যদের মন জোগাতে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ফলাফল কী হবে, তা জানা যাবে নির্বাচনের পরই।