ঝুলে গেছে সেলিব্রেটি ক্রিকেট লিগ!
চলতি বছরের শুরুর দিকে বেশ আড়ম্বরেই শুরু হয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লীগের যাত্রা। কিন্তু তা যেন কিছুদিনের প্রচার আর প্রচারণার মধ্যেই থমকে গেছে। প্রথম দিকে গত অক্টোবরে টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। দ্বিতীয় দফায় চলতি নভেম্বরে ক্রিকেট ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও তার কোনো অগ্রগতি নেই। শুধু তা-ই নয়, দলের মালিকের সঙ্গে অধিনায়কসহ অন্য খেলোয়াড়দেরও নাকি বেশ কয়েক মাস ধরে কোনো যোগাযোগ নেই। এদিকে সেলিব্রেটি ক্রিকেট লীগের প্রশিক্ষক ওসমান খান নাকি প্রথম মাস ছাড়া এখন পর্যন্ত বাকি মাসগুলোর কোনো পারিশ্রমিকই পাননি। সেলিব্রেটি ক্রিকেট লীগের সর্বশেষ অবস্থা সম্পর্কে দলটির অধিনায়ক নোবেলও নিশ্চিত করে কিছুই বলতে পারছেন না। প্রথম আলো ডটকমকে তিনি বলেছেন, ‘আয়োজকদের কাছ থেকে সেলিব্রেটি ক্রিকেট লীগ টুর্নামেন্ট নিয়ে সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমিও মৌখিকভাবে শুধু জেনেছি, আপাতত টুর্নামেন্টটি হচ্ছে না। কোনো অফিসিয়াল চিঠি পাইনি। জুলাই থেকে আমাদের ভেতরে প্র্যাকটিস এমনকি পারস্পরিক যোগাযোগও বন্ধ।’সেলিব্রেটি ক্রিকেট লীগ প্রসঙ্গে দলের অন্যতম সদস্য কণ্ঠশিল্পী আসিফ বলেন, ‘আমি পুরো বিষয় নিয়ে খুবই বিরক্ত। ক্রিকেট খেলার সঙ্গে ছোটবেলা থেকেই যুক্ত থাকা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসার কারণেই সেলিব্রেটি ক্রিকেট লীগ খেলতে আগ্রহী হই। এখন মনে হচ্ছে, আয়োজনটি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নিজস্ব প্রচারের জন্য বাংলাদেশের তারকাশিল্পীদের ব্যবহার করা হয়েছে। এটা তো হতে দেওয়া যায় না। তারা আমাদের কোনো ধরনের নোটিশও করেনি। দলের একের সঙ্গে অপরের দেখা হয় না প্রায় কয়েক মাস।’বাংলাদেশের তারকাদের নিয়ে গঠিত সেলিব্রেটি ক্রিকেট লীগ দলটির ব্যাপারে প্রথম আগ্রহী হন নিরব ও ইমন। তাঁরা দুজনই সব তারকা শিল্পীকে ক্রিকেট খেলার প্রতি নতুন করে আগ্রহী করে তোলেন। তাঁরা দুজন এখন আর সেলিব্রেটি ক্রিকেট লীগ খেলার ব্যাপারে কিছুই জানেন না। নিরব বলেন, ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ নিয়ে আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি এখন এ খেলার ব্যাপারে কিছুই জানি না। বলতে পারেন খেলাটি অনিশ্চিত হয়ে গেছে।’অন্যদিকে সেলিব্রেটি ক্রিকেট লীগ বাংলাদেশের কর্ণধার কামাল জামান বলেন, ‘এটা ঠিক যে দলের খেলোয়াড়দের সঙ্গে আমরা সেভাবে যোগাযোগটা রক্ষা করতে পারিনি। তা ছাড়া ব্যবসার কাজে দেশের বাইরে থাকার কারণে কোচের পারিশ্রমিকটাও দেওয়া সম্ভব হয়নি। তবে আপাতত সেলিব্রেটি ক্রিকেট লীগ শুরু করা সম্ভব হচ্ছে না।’ কামাল জামান আরও বলেন, ‘প্রথম দিকে তারকাদের ব্যস্ততার জন্যই আমরা টুর্নামেন্ট পিছিয়েছি। তা ছাড়া শ্রীলঙ্কায় যেখানে আমাদের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল, সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। তাই আমরা এখন নতুনভাবে টুর্নামেন্টে অনুষ্ঠানের চিন্তাভাবনা করছি। সেভাবে নতুন শিডিউলেই আবার দল ঘোষণা দেব। হতাশার কিছু দেখছি না।’