ঝড়ের মধ্যে একটি কালো জিপ গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন তো কত রকমের থাকে। সেই স্বপ্নের পেছনেই ছোটে মানুষ। আমরা তারকাদের কাছে জানতে চেয়েছিলাম তাঁদের স্বপ্নের কথা। হোক সেটা অপূরণীয়। হোক তা ‘ওয়াইল্ড ড্রিম’। তারকাদের সেসব স্বপ্ন নিয়েই আমাদের এবারের আয়োজন।
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

অনেকের মতো আমারও কিছু স্বপ্ন আছে। প্রায়ই আমি আমার স্বপ্নের মধ্যে বসবাস করি। আমার স্বপ্নরা খুব সাদামাটা। খুব বড় কোনো চাওয়া নেই আমার। মাঝেমধ্যে আমার চলে যেতে ইচ্ছে করে অনেক দূরে। অনেক অনেক দূরে।
আমি কল্পনায় ভেসে তেমন একটা জায়গায় চলে যাই যেখানে হলুদ প্রজাপতির চাষ হয়। ছোটবেলায় হলুদ প্রজাপতি দেখে মনটা আনন্দে নেচে উঠত। আমি তন্ময় হয়ে প্রজাপতির নাচ দেখতাম। আমার সেই অজানা জায়গাটিতে সেই হলুদ প্রজাপতিরা সারাক্ষণ সবুজ ঘাসের ওপর উড়ে বেড়াবে, খেলবে। সেখানে থাকবে ছোট্ট আঁকাবাঁকা একটা হ্রদ। সেই হ্রদের পানি থাকবে কচুরিপানার সাদা ফুলে ঢাকা।

সেখানে কোনো একদিন উঠবে কালবৈশাখী ঝড়। সেই ঝড়ের ঠিক আগে নীল আকাশ কালো হয়ে আসবে। বাতাস বইবে। আর আমি সে সময় পরব বাসন্তী রঙের শাড়ি। সেই কালো আকাশের নিচে শীতল বাতাস কেটে আমার সামনে এসে দাঁড়াবে একটি কালো রঙের জিপ। সে জিপ থেকে নেমে পাশে এসে বসবে আমার পছন্দের একজন মানুষ। ঠিক তক্ষুনি শুরু হয়ে যাবে কালবোশেখি ঝড়। থাকবে ঝুম বৃষ্টি। আমরা দুজন ভিজব সেই বৃষ্টিতে। ঝোড়ো বৃষ্টিতে আমি ছিটকে পড়তে গেলে শক্ত করে সে আমাকে ধরে রাখবে।

এখন যেন সেই স্বপ্নেই ভাসছি!