টম ক্রুজের অপয়া সংখ্যা ৩৩!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ক্রুজের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কেটি হোমস। এরই মধ্যে বিচ্ছেদের আবেদনও করেছেন কেটি। কেটির বয়স এখন ৩৩ বছর। এর আগেও দুবার বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে ক্রুজকে। তাঁর সাবেক দুই স্ত্রী মিমি রজারস ও নিকোলে কিডম্যান। মজার বিষয় হলো ক্রুজের সঙ্গে বিচ্ছেদের সময় মিমি এবং নিকোলের বয়সও ছিল ৩৩! তবে কি টম ক্রুজের জন্য অপয়া সংখ্যা ৩৩?১৯৮৭ সালে ৩১ বছর বয়সী মিমি রজারকে বিয়ের সময় ক্রুজের বয়স ছিল ২৪। দুই বছর বাদে তাঁরা আলাদা হয়ে যান। মিমির বয়স তখন ছিল ৩৩। বিচ্ছেদের কারণ সম্পর্কে ১৯৯৩ সালে প্লেবয় ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে মিমি মজা করে বলেছিলেন, ‘বলা যায়, সন্ন্যাসীর ব্রত নেওয়ার জন্য মনস্থির করে ফেলেছিল টম। সে সময় আত্মিক চাহিদা পূরণেই ব্যস্ত থাকত সে। কাজেই তাঁর সঙ্গে বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না আমার জন্য।’১৯৯০ সালে ২৮ বছর বয়সী ক্রুজ বিয়ে করেন ২৩ বছর বয়সী নিকোলে কিডম্যানকে। ২০০১ সালে যখন তাঁদের বিচ্ছেদ হয়, সে সময় নিকোলের বয়স ৩৩!বিচ্ছেদের কারণ সম্পর্কে নিকোলের ভাষ্য ছিল, ‘আমার জীবনের মূল দর্শন হলো প্রচণ্ড ভালোবাসায় ডুবে থাকা। টমের সঙ্গে সংসার করার পর উপলব্ধি করলাম, জীবন নিয়ে আমি যেমন স্বপ্ন দেখেছিলাম, তা ভুলে যেতে হবে। আমি তার কাছে থেকে যা পেয়েছি, তার চেয়ে অনেক বেশি দিতে হয়েছে। এসব কারণেই আমাদের ঘর ভেঙেছিল।’২০০৬ সালে ২৭ বছর বয়সী কেটি হোমসকে বিয়ে করেন ৪৪ বছরের ক্রুজ। ছয় বছর বাদে এ বছরের জুনে টমের সঙ্গে বিচ্ছেদের আবেদন করেছেন ৩৩ বছর বয়সী কেটি। তাঁদের বিচ্ছেদের মূল কারণ উদঘাটিত না হলেও নানা গল্প ভাসছে হলিউডের বাতাসে।ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইনের এক খবরে বলা হয়েছে, ‘ক্রুজকে বিয়ের পর থেকে কেটির পেশাগত জীবনে স্থবিরতা চলে এসেছে। কিন্তু আবারও তিনি অভিনয়ে ফিরতে চান। এ ছাড়া সন্তান লালন-পালন নিয়েও ক্রুজের সঙ্গে মতানৈক্য রয়েছে কেটির। মেয়ে সুরিকে আর ১০টা সাধারণ শিশুর মতোই বেড়ে তুলতে চান কেটি। কিন্তু সুরিকে অগোছাল জীবন-যাপনে অভ্যস্ত করে তুলছেন ক্রুজ।’মজার বিষয় হলো ক্রুজ যখন প্রথম ছবি করেন, তখন কেটির বয়স ছিল মাত্র তিন। ক্রুজের সঙ্গে পরিচয়ের আগে সেভেনটিন ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে কেটি বলেছিলেন, ‘সব মেয়ের মতো শৈশবে আমিও বিয়ে নিয়ে স্বপ্ন দেখতাম। মাঝেমধ্যেই কল্পনা করতাম, টম ক্রুজকে বিয়ে করতে চলেছি আমি।’ পরবর্তী সময়ে শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে কেটির। কিন্তু তিনি কি কখনো ভেবেছিলেন, জীবনের একটা পর্যায়ে পৌঁছে স্বপ্নভঙ্গ হবে তাঁর!