টম ক্রুজের কাছে ক্ষমা চাইলেন কেটি হোমস
ছয় বছরের সংসারে ছাড়াছাড়ি হয়ে গেছে টম ক্রুজ আর কেটি হোমসের। ক্রুজের সংসার থেকে সরে যেতে গোপনে বিবাহ বিচ্ছেদের যে প্রক্রিয়া শুরু করেছিলেন, তার জন্য ক্রুজের কাছে সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন কেটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।কেটির পক্ষ থেকে গোপনে বিচ্ছেদ বা ‘ডিভোর্স’ দেওয়ার বিষয়টি ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজের জন্য একটি বড় ধরনের আঘাতই ছিল। কেটি পুরো প্রক্রিয়াই ক্রুজের অগোচরে শুরু করেছিলেন। কিন্তু টম যখন জানতে পারেন, তখন তাঁর বলার মতো কিছুই ছিল না। তিনি হতবুদ্ধি হয়ে পড়েছিলেন।সম্প্রতি এক সূত্রের বরাত দিয়ে শোবিজস্পাই জানিয়েছে, পুরো ঘটনাটির জন্য টমের কাছে ক্ষমা চেয়েছেন কেটি। ঘটনা যেভাবে ঘটেছে, তার জন্য দুঃখ প্রকাশও করেছেন। কিন্তু তাঁদের সম্পর্ক আর বন্ধু পর্যায়েও থাকবে কি না, তা নিয়ে সংশয় রয়ে গেছে।সাবেক এ দম্পতির একমাত্র মেয়ে সুরির মন জয় করতেই টম ক্রুজ এখন ব্যস্ত।দীর্ঘদিন প্রেম করার পর প্যারিসে, আইফেল টাওয়ারের সামনে কেটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ক্রুজ। ২০০৬ সালের ১৮ নভেম্বর ইতালির এক শতাব্দীপ্রাচীন প্রাসাদে জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। বিয়ের সাত মাস আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কেটি। একমাত্র মেয়ের নাম তাঁরা রাখেন সুরি।সুখেই কাটছিল ক্রুজ-কেটির সংসার। বেশির ভাগ সময়ই বিভিন্ন অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল এ দম্পতিকে দেখা যেত। কিন্তু এ বছরের জুন মাসের শুরু থেকে তাঁদের সংসারে ভাঙন ধরতে শুরু করেছিল। নিউইয়র্কে অনুষ্ঠিত ফ্রাইয়ার্স ক্লাব এন্টারটেইনমেন্ট আইকন অ্যাওয়ার্ড আসর থেকে পুরস্কৃত হওয়ার সময় তাঁর পাশে ছিলেন না কেটি। মেয়ে সুরিকে নিয়ে সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্রুজ। এর কিছুদিনের মাথায় ক্রুজ অভিনীত ‘রক অব এজেস’ চলচ্চিত্রের লস অ্যাঞ্জেলেস ও লন্ডন প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন কেটি। গত ২৯ জুন নিউইয়র্কে বিচ্ছেদের আবেদন করেন কেটি হোমস।