টম ক্রুজের কাছে ফিরছেন কেটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজের সায়েন্টোলজি ধর্মবিশ্বাসের কারণে তাঁদের সাড়ে পাঁচ বছরের সংসার ছেড়ে চলে গিয়েছিলেন কেটি হোমস। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, কেটি এবং একমাত্র মেয়ে সুরি ক্রুজকে ফিরে পেতে সায়েন্টোলজি ধর্ম ত্যাগ করার পরিকল্পনা করছেন ক্রুজ। আর তিনি এমনটা করলে আবার তাঁর জীবনে ফিরে আসার কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন কেটি।ব্রিটিশ ম্যাগাজিন ‘গ্রেজিয়া’য় দেওয়া সাক্ষাত্কারে কেটির কাছের একজন বন্ধু বলেন, ‘কেটি অনেক বেশি ভালোবাসাপ্রবণ। তার প্রতি ভালোবাসা দেখিয়ে ক্রুজ সত্যি সত্যিই যদি সায়েন্টোলজি ধর্ম ত্যাগ করে, তাহলে ক্রুজের জীবনে না ফিরে থাকতে পারবে না সে।’২০০৬ সালের নভেম্বরে ইতালিতে সায়েন্টোলজি ধর্মের রীতি মেনে কেটি হোমসকে বিয়ে করেছিলেন ক্রুজ। প্রচলিত আছে, পাত্রী নির্বাচন থেকে শুরু করে বিয়ের সব আয়োজনই করেছিল চার্চ অব সায়েন্টোলজি। সাড়ে পাঁচ বছর সংসার করার পর চলতি বছরের ২৯ জুন মাসে বিচ্ছেদের আবেদন করেন কেটি। গত ৯ জুলাই বিচ্ছেদপত্রে সই করেন ক্রুজ। বিচ্ছেদের কারণ হিসেবে ক্রুজের সায়েন্টোলজি ধর্মবিশ্বাসকেই দায়ী করেন কেটি। তাঁর আশঙ্কা ছিল, একমাত্র মেয়ে ছয় বছরের সুরিকেও এ ধর্মে দীক্ষিত করবেন ক্রুজ। মূলত এ কারণেই ক্রুজের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন কেটি হোমস।সায়েন্টোলজি ধর্মের কারণে একবার নয়, পর পর দুবার বিচ্ছেদের মতো কঠিন পথে হাঁটতে হয়েছে ক্রুজকে। তাঁর এই ধর্মবিশ্বাসের কারণে নিকোল কিডম্যানের পর কেটিকে হারান তিনি। মূলত কেটিকে হারানোর পর থেকেই সায়েন্টোলজি ধর্মের ওপর থেকে মন উঠে যায় তাঁর এবং তিনি এ ধর্মবিশ্বাস থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। টম ক্রুজ ১৯৮৭ সালে তাঁর চেয়ে সাত বছরের বড় মার্কিন অভিনেত্রী মিমি রজার্সকে বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর কাছেই তিনি সায়েন্টোলজি ধর্মের সন্ধান পেয়েছিলেন। ১৯৯০ সালে সায়েন্টোলজি ধর্মে দীক্ষা নেন ক্রুজ। সে বছরই মিমি রজার্সের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। একই বছরের ডিসেম্বরে তিনি অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন। ১০ বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদের জন্য দায়ী করা হয় ক্রুজের সায়েন্টোলজি ধর্মবিশ্বাসকে।