টম ক্রুজের ঘর ভাঙছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটা সবাইকে বিস্মিত করে দেওয়ার জন্য যথেষ্ট। পাঁচ বছরের সংসার ভাঙছে হলিউডের ডাকসাইটের অভিনেতা টম ক্রুজ আর কেটি হোমসের। আইনজীবী জোনাথন উলফের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি অনলাইন। টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের এ খবর নিশ্চিত করে জোনাথন উলফ জানিয়েছেন, ‘এটি একটি ব্যক্তিগত ও একান্ত গোপনীয় বিষয়।’ভালোবাসার জুটি হিসেবে সবার কাছেই প্রিয় ছিলেন হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা ক্রুজ আর কেটি হোমস। টম-কেটির এ বিচ্ছেদের বিষয়টি গোপনে—প্রায় নিভৃতে এগোলেও একসময় এ দুই তারকার ভালোবাসা এবং বিয়ের বিষয়টি বেশ ঘটা করে, জানান দিয়েই ঘটেছিল। বিভিন্ন আয়োজন আর অনুষ্ঠানে দুজনে দুজনের প্রতি যে ভালোবাসা দেখাতেন, বিচ্ছেদের এ খবর সে কারণে সবাইকে বিস্মিতই করবে।প্যারিসের আইফেল টাওয়ারের সামনে কেটি হোমসকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন টম ক্রুজ। আপাদমস্তক রোমান্টিক এই জুটি বিভিন্ন সময়ে তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ আর এ-সংক্রান্ত মন্তব্যের জন্য শিরোনাম হয়ে এসেছেন।২০০৬ সালে টম ক্রুজ তৃতীয়বারের মতো সংসার পেতেছিলেন কেটি হোমসের সঙ্গে। এ বিয়ে টিকল সব মিলিয়ে পাঁচ বছরের মতো। অভিনেতা ক্রুজের আগের পক্ষের দুই সন্তান ছাড়াও কেটি হোমসের সঙ্গে সুরি নামের একটি শিশুকন্যাও রয়েছে।ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কেটি হোমসের বিচ্ছেদের আবেদনের বিষয়টি জানার পর রীতিমতো মুষড়ে পড়েছেন তিনি। সন্তানদের প্রতিই ক্রুজ এখন সবচেয়ে মন দিচ্ছেন। তাঁদের ব্যক্তিগত বিষয়গুলো যেন বিঘ্নিত না হয়, সে ব্যাপারে তিনি উদ্বিগ্ন।এদিকে টিএমজি জানিয়েছে, গত বৃহস্পতিবার নিউইয়র্কে বিচ্ছেদের আবেদপত্র জমা দেন কেটি হোমস। কেটি তাঁর মেয়ে সুরির অভিভাবকত্ব চেয়েও আবেদন করেছেন।