
জ্যাক রিচার ফিরে এসেছেন ভার্জিনিয়ায়, তাঁর পুরোনো সামরিক ঘাঁটিতে। ন্যায়বিচারের প্রতিরূপ তিনি। সিরিজের বহুল প্রতীক্ষিত নতুন ছবি জ্যাক রিচার: নেভার গো ব্যাক। সুসান টার্নার নামের এক সেনা কর্মকর্তা রিচারের পুরোনো তদন্ত দলের নেতৃত্বে। তাঁর সঙ্গে নৈশভোজ রিচারের। কিন্তু তখনই সুসানকে আটক করা হয় বিদ্রোহ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে। রিচার জানেন, সুসান নির্দোষ। তাই তাঁকে কারাগার ভেঙে বের করে এনে সত্যটা জানাতে হবে সবাইকে। সরকারের ভেতরের একটা বড় চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। নিরপরাধ কয়েকজন মানুষকে রক্ষা করা জরুরি। সাংঘাতিক কঠিন কাজ। রিচার নিজেও হলেন ফেরারি, মিথ্যে এক অভিযোগে। একপর্যায়ে তিনি অতীতের একটা সম্ভাব্য গোপন তথ্যের সূত্র পেয়ে যান। এটা তাঁর জীবনকে আমূল বদলে দিতে পারে। তিনি লড়বেন এক ধূর্ত ও বর্বর চক্রের বিরুদ্ধে।
লি চাইল্ডের লেখা জনপ্রিয় থ্রিলার কাহিনি নিয়ে নির্মিত নেভার গো ব্যাক ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড জুইক। নাম ভূমিকায় অভিনয় করেছেন টম ক্রুজ। আর সুসানের চরিত্রে কোবি স্মাল্ডার্স। মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর শুক্রবার। টম ক্রুজের অনেক ছবিতে দৌড়ানোর দৃশ্য প্রায় অবধারিত। দেখা যায়, উড়োজাহাজ থেকে নেমেই তিনি ছুটছেন তো ছুটছেন। হলিউডে প্রায় সাড়ে তিন দশকের বিচরণ তাঁর। ‘মিশন ইম্পসিবল’ সিরিজ, টপ গান, রিস্কি বিজনেস, অল দ্য রাইট মুভস, কোলাটেরাল, ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস ইত্যাদি ছবির মধ্য দিয়ে এত দিনে তিনি যে ভাবমূর্তি গড়েছেন নিরন্তর ছুটে চলার, এই নতুন ছবিতে তেমন থাকলেও একটু অন্য রকম। নায়িকাকে কারাগার ভেঙে উদ্ধার করার পর পুরো ছবিতেই তাঁরা ছুটেছেন প্রতিপক্ষের রোষানল ও ষড়যন্ত্র থেকে রেহাই পেতে। কেবল উড়োজাহাজ-দৃশ্য নেই, এটুকুই যা ব্যতিক্রম।
জ্যাক রিচার: নেভার গো ব্যাক ছবিতে টম ক্রুজের নায়িকা কোবি স্মাল্ডার্স অত্যন্ত উৎফুল্ল প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, টমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। সামরিক পুলিশ কর্মকর্তার ভূমিকাটাও ছিল ব্যতিক্রমী। এ ধরনের চরিত্রের জন্য শক্তিশালী মানুষ হতে হয়।
ঝুঁকিপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্য আছে এই ছবিতে। স্মাল্ডার্স বললেন, সবগুলো চিত্রায়ণে তিনি নিজেই অংশ নিয়েছেন, বিকল্প কাউকে দিয়ে করাননি। এ জন্য তিনি গর্বিত। এসব দৃশ্যের জন্য তাঁকে বিস্তর প্রশিক্ষণ নিতে হয়েছে।
‘জ্যাক রিচার’ সিরিজের কাহিনিগুলো বেশ জনপ্রিয়। অনেকে তো ছেলেবেলা থেকেই এই থ্রিলার পড়েন। তাই সিরিজের নতুন ছবিটি নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহ বরাবরই থাকে। দেখা যাক, টম ক্রুজ এবার তাঁদের কতটা মুগ্ধ করতে পারেন।
আশিস আচার্য
মুভি ইনসাইডার ও সিবিএস নিউজ অবলম্বনে