টম ক্রুজের নতুন সঙ্গী!
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে মোটরবাইক চালানোর সময় ক্যামেরাবন্দী হয়েছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ। সে সময় তাঁর বাইকের পেছনে বসে ছিলেন এক রহস্যময় নারী। রহস্যময় এ কারণেই যে, ক্রুজের পরিচিতদের তালিকায় তাঁর খোঁজ মেলেনি। তবে কি কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মাথায় নতুন সঙ্গীর খোঁজ পেয়েছেন ক্রুজ!মোটরবাইকে চেপে ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে হরহামেশাই অভিনয় করেছেন ক্রুজ। কিন্তু লস অ্যাঞ্জেলেসে ৩০ মে বৃহস্পতিবার রাতে যখন মোটরবাইক চালাচ্ছিলেন ক্রুজ, তা কোনো ছবির দৃশ্য ছিল না আর ওই সময় তাঁর বাইকের পেছনে বসে থাকা নারীর পরিচয় সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি কেউ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি মেইল’ পত্রিকা। এদিকে, ২০১২ সালে ক্রুজের সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার পর একমাত্র মেয়ে সুরি ক্রুজকে নিয়ে আলাদাভাবে বসবাস করছেন হলিউডের অভিনেত্রী কেটি হোমস।সম্প্রতি কেটির সঙ্গে কানাডিয়ান অভিনেতা লুক কার্বির অভিসারের খবর চাউর হয়েছে। ‘মেনিয়া ডেজ’ ছবিতে কেটির সহ-অভিনেতা কার্বি। ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালে। গত সপ্তাহে নিউইয়র্কে একসঙ্গে নৈশভোজ করার সময় ক্যামেরাবন্দী হন তাঁরা। মূলত এরপর থেকেই তাঁদের অভিসারের খবর ফলাও করে প্রচার করেছে হলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম।