টম ক্রুজের পাত্রীর ‘পরীক্ষা’ দিতে যাননি লিন্ডসে!
টম ক্রুজ-কেটি হোমস বিচ্ছেদের পর থেকেই সাইন্টোলজি নিয়ে নানা মুখরোচক সংবাদ ছাপা হচ্ছে সংবাদমাধ্যমগুলোতে। সাইন্টোলজিতে দীক্ষা নেওয়া টম ক্রুজের পাত্রী বাছাই করতে অডিশনের ব্যবস্থাও করেছিল সাইন্টোলজি চার্চ কর্তৃপক্ষ। এবার এ খবরের সঙ্গে যুক্ত হয়েছে অঘটনঘটনপটিয়সী লিন্ডসে লোহানের নাম।সম্প্রতি ভ্যানিটিফেয়ার নামের একটি পত্রিকায় লিন্ডসেকে জড়িয়ে খবর প্রকাশিত হয়েছিল যে তিনি টমের পাত্রী হতে আগ্রহ প্রকাশ করে অডিশনে অংশ নিয়েছিলেন। প্রকাশিত খবর অস্বীকার করে লিন্ডসে জানিয়েছেন, এ ধরনের কোনো অডিশন বা পাত্রী বাছাইয়ের পরীক্ষায় তিনি কখনোই অংশ নেননি। লিন্ডসেকে নিয়ে পত্রিকাটি লিখেছিল, কেটি হোমসের আগেই টম ক্রুজের সঙ্গে দেখা করেছিলেন লিন্ডসে।এদিকে মিরর পত্রিকার খবরে ভিন্ন একটি প্রসঙ্গ উঠে এসেছে। লিন্ডসের বিষয়ে মিরর জানিয়েছে, লিন্ডসে প্রথমে ভেবেছিলেন, টম হয়তো ‘মিশন ইম্পসিবল’র জন্য অভিনেত্রী খুঁজছেন। পরে অবশ্য তিনি টের পান যে এটি অভিনয়ের কোনো বিষয় নয়। আর টম কোনো অভিনেত্রী খুঁজছেন না, তাঁর লক্ষ্য ভিন্ন।লিন্ডসের বাবা মাইকেল লোহানও লিন্ডসের পক্ষই নিয়েছেন। মেয়ের পক্ষ নিয়ে তিনি জানিয়েছেন, ‘মিশন ইম্পসিবল’ থেকে তাঁর সঙ্গে বিয়ে-সংক্রান্ত কোনো বিষয়ে কেউ কখনো যোগাযোগ করেনি। আর এদিকে লিন্ডসেও টম ক্রুজ এবং সবাইকে উদ্দেশ করে টুইটারে স্পষ্ট লিখে দিয়েছেন, এ বিষয়টির সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পর্কই নেই।