টম ক্রুজের ‘হেলিকপ্টার’ বিলাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের তারকাদের বিচিত্র বিলাসিতার খবর নতুন কিছু নয়। ছোট-খাটো সব কারণে কাঁড়ি-কাঁড়ি পয়সা খরচ করে প্রায়ই খবরের শিরোনাম হন তাঁরা। সম্প্রতি এমনই এক খবরের শিরোনাম হয়েছেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত মার্কিন অভিনেতা টম ক্রুজ। ‘অল ইউ নিড ইজ কিল’ ছবির শুটিংয়ের কাজে তিনি এখন লন্ডনে। প্রতিদিন ছবির সেটে হাজির হওয়ার জন্য বিলাসবহুল একটি হেলিকপ্টার ভাড়া করেছেন টম ক্রুজ। যতদিন শুটিং চলবে এই ভাড়া করা হেলিকপ্টারে চেপেই ছবির সেটে উড়ে যাবেন তিনি।বিশেষ এ হেলিকপ্টারটির নকশা করেছে ফ্যাশন ব্র্যান্ড হার্মেস। এ ধরনের হাতে গোনা কয়েকটি হেলিকপ্টার বাজারে ছাড়া হয়েছে। এটির বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, ‘লিভিং রুম ইন দ্য স্কাই’। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য সান’ পত্রিকা। বিলাসবহুল হেলিকপ্টারটির অন্দরসজ্জায় অভিনবত্ব আনার পাশাপাশি বিশেষ ধরনের শব্দ নিরোধক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর ফলে হেলিকপ্টারের পাখার প্রচণ্ড শব্দের কিছুই টের পাওয়া যায় না ভেতর থেকে।