টম হ্যাংকস, সত্যিই অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টম হ্যাংকস
টম হ্যাংকস

৩৩ বছরের লম্বা ক্যারিয়ার। এই তিন দশকে কী করেননি! ৪৬টি ছবিতে অভিনয় করে ফেলেছেন। এখন আছেন ‘ফিফটি’র অপেক্ষায়। তাঁর অভিনীত ছবিগুলো সব মিলিয়ে সারা বিশ্বে আয় করেছে ৮০০ কোটি ডলারেরও বেশি! বক্স অফিসের ইতিহাসে সর্বোচ্চ আয় এনে দেওয়া তারকার তকমা আছে তাঁর নামের পাশে। ফিলাডেলফিয়া আরফরেস্ট গাম্প দিয়ে গোল্ডেন গ্লোব, অস্কারসহ কত পুরস্কারই না জিতেছেন! বাসার ট্রফিকেসটা রীতিমতো ভার-ভারন্ত।
গুজুবে সাংবাদিকেরা প্রায়ই তিলকে তাল বানান বটে। তবে হ্যাংকস সেই ‘তিল’টাও তৈরি হওয়ার ফুরসত দেন না। কোনো উঠতি মডেল বা অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর রটনা নেই; একের পর এক সম্পর্ক ভাঙার খেলারামগিরি নেই; তাঁরই মিতা, আদতে ভীষণ প্রতিদ্বন্দ্বী টম ক্রুজের সাইন্টোলজির মতো বিচিত্র ধর্মবিশ্বাস নেই, ইগোর অহম নেই। পাশের বাড়ির সদা হাস্যোজ্জ্বল প্রতিবেশীটির মতোই হ্যাংকস ভীষণ আন্তরিক। সেটা তাঁর কাজে, কথায়, আচরণে।
হলিউড, সম্পর্কের পাড় নিরন্তর ভাঙাই যেখানে নিয়তি; নিজের পছন্দের গাড়ি কিংবা ফোনটির মডেল পাল্টানোর চেয়েও অবিশ্বাস্য দ্রুততায় যেখানে বদলে যায় সঙ্গী বা সঙ্গীনিটির নাম; সেখানে আশ্চর্য বিরল এক সুখী দাম্পত্যজীবন যাপন করছেন তিনি। রিটা উইলসনের সঙ্গে তাঁর দাম্পত্যজীবনের বয়সটা এ বছর পেরিয়ে গেছে ২৫ বছরে!
সমপ্রতি লন্ডন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্রিটেনে এসেছিলেন হ্যাংকস। এখানেই দেখানো হলো তাঁর নতুন ছবি ক্যাপটেন ফিলিপস। সোমালি জলদস্যুদের হাতে বন্দী এক সত্যিকারের জাহাজের ক্যাপটেনকে নিয়ে বানানো এই ছবি মুক্তি পাবে এ মাসেই। ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৭ বছর বয়সী হ্যাংকস এত দিন ধরে শীর্ষস্থান অটুট রাখার রহস্য খোলাসা করতে গিয়ে বলেছেন, ‘মানুষের সামনে আমি আমার যাবতীয় ভুলগুলো করেছি, যখন আমি পরিচিতই ছিলাম না। আমি এই বিশ্বের কাছে এটা নত হয়ে স্বীকার করতে রাজি নই যে আমি একজন খারাপ মানুষ।’
আসলেই কি জীবনে কোনো ভুল তিনি করেননি? করেছেন। একটা মস্ত বড় ভুল ছিল তাঁর জীবনে। মাত্র ২২ বছর বয়সে, পরিচয়ের অল্প কয়েক দিনের মধ্যেই অভিনেত্রী সামান্থা লুইসকে বিয়ে করে ফেলেছিলেন। অতি তরুণ বয়সে আবেগের মাথায় নেওয়া এই সিদ্ধান্ত তাঁকে সেই পরিণতির দিকে এগোতে বাধ্য করেছে, যেটা জীবনেও করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন—ডিভোর্স!
প্রথম ছবি মুক্তির দুই বছর আগেই ১৯৭৮ সালে সামান্থার বিয়ে করে ফেলাটা ভুল সিদ্ধান্ত প্রমাণ হয়ে যায় একসময়। নয় বছরের মাথায় দুজনের ছাড়াছাড়ি। ‘সেই সম্পর্কটা ভেঙে যাওয়া মানে ছিল আমি আমার সন্তানদের সেই একই শাস্তি দিচ্ছি, যেটার ভেতর দিয়ে আমি ওই বয়সে গেছি (হ্যাংসের শৈশবে তাঁর বাবা-মায়ের মধ্যেও ছাড়াছাড়ি হয়েছিল)। কিন্তু আমার বয়স ছিল খুবই কম, বিয়ের সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে যেটা ছিল খুবই অনিরাপদ। আমার বয়স ছিল ২৩, ছেলে কলিন্স তত দিনে দুই বছরের হয়ে গেছে। এই দায়িত্বগুলো নেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না’। হ্যাংকসের সরল স্বীকারোক্তি।
জীবনের প্রথম দিককার ভুলগুলো থেকে দ্রুত শিখেছেন। শিখেছেন বলেই একই ভুল আর কখনো করেননি। ১৯৮৮ সালে রিটাকে বিয়ের পর থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সংসারের দায়িত্ব পালন করেছেন।
শুরু থেকে আরেকটা জিনিসের ব্যাপারে সতর্ক ছিলেন হ্যাংকস। তিনি জানতেন, হলিউডের পর্দায় ভীষণ কোনো গ্ল্যামার নিয়ে তিনি আসেননি। আর দশটা নায়কের মতো মারকুটে ভাবও নেই তাঁর মধ্যে। টিকে থাকার একটাই তাই উপায়—অসাধারণ সব গল্প এবং সেই গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য তার চেয়েও অসাধারণ অভিনয়। ‘নির্দিষ্ট একটি বিবেচনায় আমি অবশ্যই সুদর্শন ছিলাম না। এবং কখনোই আমার পক্ষে আবেদনময় কিংবা ফ্যাশনদুরস্ত হয়ে ওঠা হয়নি।’—বলেছেন হ্যাংকস।
 রাজীব হাসান
সূত্র: এক্সপ্রেস ইউকে