
টম হ্যাংকসের নতুন ছবি ইনফার্নো মুক্তি পাবে অক্টোবরে। রহস্য-রোমাঞ্চে ভরপুর চলচ্চিত্রটির প্রচার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি সিঙ্গাপুর সফর করেন হ্যাংকস। সেখানে তাঁর সঙ্গী হন ভারতের খ্যাতিমান অভিনেতা ইরফান খান। তিনিও ইনফার্নোর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক রন হাওয়ার্ডের সঙ্গে দুই তারকা অভিনেতার কয়েকটি ছবি টুইটারে প্রকাশিত হয়েছে।
টম হ্যাংকসের ভক্তরা নতুন একটি ছবির অপেক্ষায় ছিলেন। সেটি আসছে। শুধু ছবি নিয়েই নয়, টম হ্যাংকসের প্রতি চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ বিস্তর। তাই নতুন করে টমের পুরোনো খবরগুলো জেনে নেওয়া যাক।
ফরেস্ট গাম্প-এর কথা মনে আছে? বোকা-বোকা, অদ্ভুত আকর্ষণীয় যে মানুষটি নানা বাধা অবলীলায় ডিঙিয়ে যায়? কলেজ ফুটবল, ভিয়েতনাম যুদ্ধ, পিংপং খেলা, চিংড়ির ব্যবসা, নিরুদ্দেশ দৌড়—সবকিছুতেই তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পরিণামে অভাবনীয় সাফল্য অর্জন।
উইনস্টন গ্রুমের কাহিনি অবলম্বনে রবার্ট জেমেকিস নির্মাণ করেন ফরেস্ট গাম্প (১৯৯৪) নামের ছবিটি। নাম ভূমিকায় অভিনয় করে টম হ্যাংকস জয় করে নেন অস্কার। ফিলাডেলফিয়া, সেভিং প্রাইভেট রায়ান, দ্য গ্রিন মাইল, কাস্ট অ্যাওয়ে, দা ভিঞ্চি কোড, দ্য টার্মিনাল ছবিগুলোতে কাজ করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন তিনি। তবু ফরেস্ট গাম্পের চরিত্রটিই যেন অনন্য পরিচিতি দিয়েছে হ্যাংকসকে। তাঁর কাছেও এটি খুব প্রিয় চরিত্র। কারণ, এটি সাধারণ মানুষকে অনুপ্রেরণা দিতে পারে, জীবনে যে যে রকম অবস্থানে রয়েছেন, সেটা নিয়েই আশাবাদী হওয়ার আভাস দেওয়া হয়েছে। ছেলেবেলায় বাবা ও ভাইয়ের সঙ্গে একই ঘরে থাকাকালীন এ রকমই আশা লালন করতেন তিনি নিজেও।
দুবারের অস্কারজয়ী এই অভিনেতা হলিউডের অন্যতম সফল ও সবচেয়ে বেশি উপার্জনকারী তারকাদের একজন। শৈশবটা তাঁর কেটেছে নিঃসঙ্গতায়। মা-বাবার চার সন্তানের মধ্যে তৃতীয় তিনি। বাবা অ্যামোস ছিলেন ভবঘুরে ধরনের। মা জ্যানেট হাসপাতালে চাকরি করতেন। হ্যাংকসের বয়স যখন পাঁচ বছর, তখনই ছাড়াছাড়ি হয় অ্যামোস-জ্যানেট দম্পতির।
টম হ্যাংকস ভাবতে ভালোবাসেন যেমন, তেমনি কথা বলতেও। সাদামাটা জীবনদর্শনই পছন্দ করেন। নিজের সঙ্গে বিড়বিড়, আবোলতাবোল বলতে ভালো লাগে তাঁর, তবে কাজটা অবশ্যই বোকামির পুরোপুরি বিপরীত। ক্যারিয়ারের শুরুতেই বুঝতে পেরেছিলেন, হলিউডে কোনো অভিনেতার স্থানই অটল নয়। আরও পরে উপলব্ধি করেন, স্বপ্নের নারীটিকে খুঁজে পেলে এমন ব্যবস্থা করতে হবে, যাতে আর হারাতে না হয়। প্রেয়সী অভিনেত্রী রিটা উইলসনের সঙ্গে হ্যাংকসের ২৮ বছরের অটুট সংসার। আর একা হওয়ার ভয় তিনি করেন না।
প্রথম সংসারটা বেশি দিন স্থায়ী হয়নি হ্যাংকসের। তবে এ ঘটনাকেও ইতিবাচক মনে করেন। বললেন, মাত্র ২১ বছর বয়সে সন্তানের বাবা হওয়াটা তাঁর জীবনের সেরা ঘটনা। সেই স্ত্রীও ছিলেন অভিনেত্রী, নাম সামান্থা লুইস। ১৯৮৭ সালে সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে। আর রিটার সঙ্গে প্রণয়ের শুরু। গ্রিক বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রীটি হ্যাংকসের সহশিল্পী ছিলেন। তাঁদের বিয়ে ১৯৮৮ সালে। চেট ও ট্রুম্যান নামে দুই সন্তানের বাবা-মা। চেট সম্প্রতি নেশাগ্রস্ত উন্মাদনা ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন। তবে হ্যাংকস সব রকমের সাহায্য করে যাচ্ছেন ছেলেকে। তিনি নিজ সন্তানের ‘সাহসিকতা ও সততার’ প্রশংসা করেন। বলেন, একজন বাবা হিসেবে সন্তানকে নিঃশর্ত ভালোবাসা দিতে হয়। তাদের পথচলার প্রতিটা ধাপে সাহায্য করতে হয়।
সম্প্রতি ‘টাইপ টু’ ডায়াবেটিস ধরা পড়েছে হ্যাংকসের। এতে মোটেও ভেঙে পড়েননি ৫৯ বছর বয়সী নায়ক। বলেছেন, ‘আমি সব রকমের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত।’
চলতি বছর হ্যাংকসের নতুন চারটি ছবি আসছে।
আশিস আচার্য, টেলিগ্রাফ অবলম্বনে