টম হ্যাঙ্কসের ব্রডওয়ে অভিষেক
১৯৮০ সালে মুক্তি পেয়েছিল টম হ্যাঙ্কস অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হি নোজ ইউ আর অ্যালোন’। এরপর পেরিয়ে গেছে ৩২টি বছর। এই সময়ে ‘ফরেস্ট গাম্প’, ‘দ্য গ্রিন মাইল’, ‘ডা ভিঞ্চি কোড’সহ অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন হলিউডের প্রখ্যাত এই অভিনেতা। দীর্ঘ সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ব্রডওয়ের জন্য অভিনয় করা হয়নি তাঁর। অবশেষে এবার তাঁর সেই অপূর্ণতার সমাপ্তি ঘটতে যাচ্ছে। ‘লাকি গাই’ ব্রডওয়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ৫৫ বছর বয়সী এই তারকা। ‘লাকি গাই’-এর কাহিনি আবর্তিত হয়েছে নিউইয়র্ক ডেইলি নিউজের কলামিস্ট মাইক ম্যাকালারিকে ঘিরে। তিনি আশি ও নব্বইয়ের দশকে কয়েকটি বড় ধরনের অপরাধ এবং পুলিশের দুর্নীতির স্ক্যান্ডাল নিয়ে কলাম লিখেছিলেন। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে কন্ট্যাক্টমিউজিক।‘লাকি গাই’-এর চিত্রনাট্য লিখেছেন ‘হোয়েন হ্যারি মেট স্যালি’খ্যাত মার্কিন চিত্র নির্মাতা, নাট্যকার, ঔপন্যাসিক ও সাংবাদিক নোরা এফ্রন। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জর্জ সি উলফ। ২০১৩ সালের জানুয়ারি থেকে এর মহড়া শুরুর সম্ভাবনা রয়েছে।