টমবয় থেকে সারিকা
পত্রিকার পাতায় প্রতিদিনের রাশিচক্র পড়ে মজা পান তিনি। কুম্ভ রাশির মেয়ে। তবে সেই ছোট্টবেলায় স্কুলে এই মেয়েটির পরিচিতি ছিল টমবয় হিসেবে। পরতেন হাফপ্যান্ট, ছেলেদের মতো চুল ছাঁটতেন। মোহাম্মদপুরের তাজমহল রোডে সাইকেল চালাতেও একসময় দেখা যেত তাঁকে, খেলতেন ফুটবল ও ক্রিকেট; এভাবে তাঁর সবকিছুতেই ছিল ছেলেদের আচরণ। কিন্তু যখন ষষ্ঠ শ্রেণী পেরিয়ে সপ্তম শ্রেণীতে উঠলেন, তখনই ঘটল কাণ্ডটা—সহপাঠী এক ছেলের প্রেমে পড়লেন হঠাৎ করেই। তার পর থেকে ভাঙতে শুরু করল তাঁর টমবয় ইমেজ। ‘সে সময় থেকে ধীরে ধীরে আমি আয়ত্ত করতে থাকলাম মেয়েদের গুণপনা। ছেলেদের আচরণ অনুকরণ করে তো আর কোনো ছেলের সঙ্গে প্রেম করা যায় না, হা হা হা...।’ টমবয় ইমেজের সেই মেয়েটির হাসি এতক্ষণে খান খান হয়ে ভেঙে পড়ছে চার দেয়ালের মাঝে। হাসছেন সারিকা। আমরা বসে আছি তাঁদের ফ্ল্যাটে। আর আমাদের সামনে পেয়ে একনাগাড়ে তিনিও মেলে ধরেছেন অগোছালো কথার ঝুলি—বিজ্ঞাপনচিত্র, অভিনয়জীবন, প্রেম, শৈশবস্মৃতি—কিছুই যেন বাদ নেই আর।একসময় বললেন, ‘ছেলেবেলা থেকেই আমি একটু মাথাপাগলা টাইপের। হুট করে রেগে যাই, আবার একটু পরই রাগটাগ সব পানি। অভিনয়ে আসব এমনটা কখনো ভাবিনি। শখের বসে একবার বিজ্ঞাপনে কাজ করলাম। সবাই প্রচুর উৎসাহ দিল। তখন থেকে স্বপ্নের শুরু—সাদিয়া ইসলাম মৌয়ের মতো মডেল হব। এর মধ্যে কখন যে নাটকের উন্মাদনায় মজে গেলাম...।’বলে চলেছেন সারিকা। কথা একটু থামতেই তাঁকে প্রশ্ন করার একটা মওকা মিলল। বললাম, তাহলে বিজ্ঞাপনচিত্র থেকে হুট করেই অভিনয়ে আসা? না-সূচক মাথা নাড়লেন তিনি। তাঁর ভঙ্গি এখন সিরিয়াস। বললেন, ‘না, একসঙ্গে একাধিক কাজ আমার ধাতে সয় না। যখন যে কাজ করি তার মধ্যেই ডুবে থাকি। বিজ্ঞাপনচিত্রে একটা অবস্থান তৈরি হওয়ার পর তবেই অভিনয়ে এসেছি। ২০০৭ থেকে একটানা তিন বছর নিয়মিতভাবে বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর নাটকের বর্ণিল ভুবনে।’নাটকে সারিকার অভিনয়ের গল্পটিও বেশ নাটকীয়। ২০১০-এ নির্মাতা আশুতোষ সুজন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ক্যামেলিয়া নাটকে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন তাঁর কাছে। করবেন কি করবেন না—এই ভাবনার দোলাচলে তিনি। এর মধ্যে তাঁর রবীন্দ্রভক্ত মা রানা আফরোজ যেন আগুনে ঘি ঢাললেন। বললেন, ‘রবীন্দ্র-সাহিত্যনির্ভর নাটক, করেই দেখ না!’ সেই শুরু। পরের গল্পে বিরতিহীনভাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন—অভিনেত্রীর ছকবাঁধা জীবন। ‘মাঝেমধ্যে খুব খারাপ লাগে, মনে হয় সব বাদ দিয়ে দিনভর ঘুম দিই। আমি খুব ঘুমকাতুরে। কুম্ভ রাশির জাতিকারা এমনিতেই ঘুমকাতুরে হয়। তবে যাই বলি না কেন, অভিনয়টা ভীষণ এনজয় করি।’ আপন খেয়ালে বলে চলেছেন ধানমন্ডি টিউটোরিয়াল স্কুল থেকে ও-লেভেল এবং এ-লেভেল শেষ করা এই অভিনেত্রী। কথায় কথায় কথা বাড়িয়ে বললেন, ‘লন্ডনের কুইনম্যারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় অর্থনীতি বিষয়ে ভর্তি হয়েছিলাম। কিন্তু অভিনয়ের কারণে লেখাপড়ায় আপাতত ছেদ ঘটেছে। অভিনয়টা আমি শিখতে চাই। তাই চলার পথে চারপাশের সবকিছু লক্ষ করি, খেয়াল করি চারদিকের মানুষের আচরণ ও অভিব্যক্তি। পরে অভিনয়ের ক্ষেত্রে চরিত্র বুঝে ওই আচরণগুলোই প্রয়োগের চেষ্টা করি। বলতে পারেন দেখতে দেখতেই শিখছি আমি।’নিজের জীবনের ছোট্ট খেরোখাতার পৃষ্ঠাগুলো উল্টে চলেছেন সারিকা। এবার জানতে চাই তাঁর অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। প্রশ্নটি তখনো যেন বা আমাদের মুখেই রয়েছে। ছোঁ মেরে সেই প্রশ্ন কেড়ে নিয়ে ত্বরিত উত্তর তাঁর, ‘রুমালি, হুমায়ূন আহমেদের লেখা রুমালি। এটি ছিল সিরিয়াল। এই নাটক করতে গিয়ে সুবর্ণা মুস্তাফার কাছে অভিনয়ের অনেক কিছু শিখেছি। এ ছাড়া অনিমেষ আইচের প্রেমের গপ্পোও আমার ভালো লাগার নাটক।’আমরা যখন সারিকার সঙ্গে কথা বলছি, এর খানিক পরই তাঁকে যেতে হবে আসন্ন ঈদ উপলক্ষে নির্মীয়মাণ ইত্যাদির নাচের পর্বে অংশ নিতে। তাই তাঁর মধ্যে তখন উঠবার তাড়া। এদিকে কথার তোড়ও ফুরোচ্ছে না। বললেন, ‘একসময় নাচতাম তো, নাচটা রক্তে মিশে গেছে। চাইলেও ছাড়তে পারি না।’আরও অনেক কথায় ততক্ষণে ভরে উঠেছে ঘর। কত কথা...শৈশবে কাগজের উড়োজাহাজ বানিয়ে উড়িয়ে দেওয়ার গল্প। আর সেই গল্পের ডানা ধরে ফ্লাইং ক্লাবে ভর্তির বাসনার কথাও জানালেন। সব শেষে এল একসময়ের এই টমবয়ের প্রেমের প্রসঙ্গ। এ বিষয়ে তেমন রাখঢাক নেই তাঁর। ‘হ্যাঁ, প্রেম তো করি। নীরব আমাকে খুব ভালো বুঝতে পারে। ও সব সময় আমাকে গুছিয়ে রাখে।’ —সারিকার ছোট্ট উত্তর।সারিকার হয়তো আরও কিছু বলার ছিল। কিন্তু সময় যে নেই। তাই হাসি বিনিময় শেষে এবার বিদায়।