টরন্টো উৎসবে 'মেঘমল্লার'

কানাডায় ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’–এর ৪০তম আসর বসছে আগামী ১০ সেপ্টেম্বর। এই আসরেই ‘ডিসকভারি’ বিভাগে প্রদর্শিত হবে সরকারি অনুদানে নির্মিত বাংলাদেশের ছবি মেঘমল্লার। জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত এটি বেঙ্গল এন্টারটেইনমেন্ট প্রযোজিত প্রথম চলচ্চিত্র।
১৫, ১৭ ও ২০ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেঘমল্লার ছবির তিনটি পাবলিক প্রদর্শনী হবে। ১২ ও ১৬ সেপ্টেম্বর হবে ছবিটির প্রেস ও ইন্ডাস্ট্রি প্রদর্শনী। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটির প্রদর্শনীতে অংশ নিতে এর প্রযোজক আবুল খায়ের লিটু এবং পরিচালক জাহিদুর রহিম অঞ্জন কানাডা যাবেন।
মেঘমল্লার-এর পরিচালক জাহিদুর রহিম অঞ্জন বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি ভালো খবর। ছবিটিকে সবাই কীভাবে গ্রহণ করবে, তা তো উৎসবের পরই বলতে পারব। তবে উৎসব কর্তৃপক্ষ ছবিটি নিয়ে যে মন্তব্য দিয়েছে, তাতে আমরা খুব আনন্দিত।’ ছবিটির নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে আমাদের এই প্রথম প্রচেষ্টা যে সাফল্য অর্জন করেছে, তা অনেক আনন্দের।’
এর আগে ২০০৭ সালে অনুষ্ঠিত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি স্বপ্নডানায় প্রদর্শিত হয়েছিল। সে বছর গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত এই ছবি উৎসবের ‘কনটেমপোরারি ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে দেখানো হয়।