টরন্টো উৎসবে সেরা ‘সিলভার লাইনিংস প্লেবুক’
এ বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে ডেভিড ও. রাসেলের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্র ‘সিলভার লাইনিংস প্লেবুক’।কমেডিধর্মী চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ব্র্যাডলি কুপার, জেনিফার লরেন্স, জ্যাকি ওয়েভার প্রমুখ। সম্প্রতি টরন্টো চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রদর্শনী হলেও এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২১ নভেম্বর। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি।উৎসবে উপস্থিত দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্র হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছে বেন অ্যাফ্লেক পরিচালিত চলচ্চিত্র ‘আর্গো’। জর্জ ক্লুনির প্রযোজনায় চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বেন অ্যাফ্লেক, ব্রায়ান ক্র্যান্সটন, জন গুডম্যান প্রমুখ। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর। এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছিল ‘দ্য কিংস স্পিচ’ এবং ‘স্লামডগ মিলিয়নেয়ার’। এ পুরস্কার জেতার পর চলচ্চিত্র দুটি অস্কার পুরস্কারও ঝুলিতে ভরেছিল।