টরন্টোতে চয়নিকার দুই নাটকের প্রদর্শনী

কানাডার টরন্টোতে আয়োজিত দুই দিনব্যাপী বইমেলায় প্রদর্শিত হবে নির্মাতা চয়নিকা চৌধুরীর নাটক।
দুই দিনের এ মেলায় চয়নিকা চৌধুরী নির্দেশিত ‘চলমান ছবি’ এবং ‘আলো-ছায়া’ নাটক দুটি প্রদর্শিত হবে। আজ শনিবার ও কাল রোববার টরন্টোর রয়েল লিজিয়ন হলে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
প্রথম নাটকটিতে মাহফুজ আহমেদ একক অভিনয় করেছেন আর পরেরটির অভিনয়শিল্পী রিচি, অপূর্ব ও দিতি।
টরন্টোর এই বইমেলায় আমন্ত্রণ পাওয়ায় এবং তাঁর নাটকের প্রদর্শনী হওয়ায় দারুণ উচ্ছ্বসিত চয়নিকা চৌধুরী।
প্রথম আলোকে চয়নিকা বলেন, ‘সাত বছর ধরে কানাডার প্রবাসী বাঙালিরা বইমেলার আয়োজন করে আসছেন। অষ্টমবারের এই আয়োজনে তাঁরা আমার দুটি নাটক প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন। বিষয়টি নিঃসন্দেহে আমার জন্য অনেক বেশি আনন্দের। প্রদর্শনীতে নিজে উপস্থিত থাকছি ভেবে ভালো লাগাটাও কাজ করছে আরও বেশি।’
প্রবাসী বাঙালিদের আয়োজনে টরন্টোর বইমেলায় অংশ নিতে ২৭ আগস্ট ঢাকা ছেড়েছেন চয়নিকা। ফিরবেন আগামী ১৫ সেপ্টেম্বর।