টরন্টোতে বাংলাদেশের 'মেঘমল্লার'

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক উৎসবের মধ্যে একটি ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আগামী ১০ সেপ্টেম্বর বসতে যাচ্ছে এ উৎসবের ৪০তম আসর। এবারের আসরের ‘ডিসকভারি’ বিভাগে প্রদর্শিত হবে সরকারি অনুদানে নির্মিত বাংলাদেশের ছবি ‘মেঘমল্লার’। জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত এ ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল এন্টারটেইনমেন্ট। এটি প্রতিষ্ঠানটির প্রযোজিত প্রথম চলচ্চিত্র।
আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প রেইনকোটের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ‘মেঘমল্লার’ ছবিটি।
টরন্টো উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হতে যাওয়ায় ভীষণ আনন্দিত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন। বললেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি ভালো খবর। ছবিটিকে দর্শক কীভাবে গ্রহণ করবে, তা তো উৎসবের পরই বলতে পারব। তবে উৎসব কর্তৃপক্ষ ছবিটি নিয়ে যে মন্তব্য দিয়েছে, তাতে আমরা খুব আনন্দিত।’
ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, মুক্তিযুদ্ধে মূলধারার ইতিহাসের বাইরেও যে সাধারণ মানুষের আত্মোৎসর্গের নানা ইতিহাস আছে, সেটাই দর্শকদের কাছে ‘মেঘমল্লার’ সিনেমার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আগামী ১৫, ১৭ ও ২০ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মেঘমল্লার’ ছবির তিনটি পাবলিক প্রদর্শনী হবে। ১২ ও ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ছবিটির প্রেস ও ইন্ডাস্ট্রি প্রদর্শনী। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটির প্রদর্শনীতে অংশ নিতে এর পরিচালক জাহিদুর রহিম অঞ্জন ও প্রযোজক আবুল খায়ের লিটু কানাডা যাবেন।
‘মেঘমল্লার’ ছবির নির্বাহী প্রযোজক এন রাশেদ চৌধুরী বলেন, ‘সরকারি অনুদান পাওয়া “মেঘমল্লার”-এর সঙ্গে বেঙ্গল এন্টারটেইনমেন্টও যুক্ত ছিল। বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে আমাদের এই প্রথম প্রচেষ্টা যে সাফল্য অর্জন করেছে, তা আমাদের জন্য অনেক আনন্দের। আমাদের সামনের উদ্যোগগুলোকে এই প্রাপ্তি আরও বেশি উৎসাহিত করল।’
‘মেঘমল্লার’ ছবিটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপর্ণা, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
এর আগে ২০০৭ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছবি ‘স্বপ্নডানায়’ প্রদর্শিত হয়েছিল। সে বছর গোলাম রাব্বানী বিপ্লব পরিচালিত এই ছবিটি উৎসবের ‘কনটেমপোরারি ওয়ার্ল্ড সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয়।