টরন্টোর মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবে ‘রূপসা নদীর বাঁকে’
তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ কানাডার টরন্টোতে চতুর্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসব ২৩ সেপ্টেম্বর শুরু হবে। সেদিনই ‘রূপসা নদীর বাঁকে’ দেখানো হবে। জানা গেছে, এবারের উৎসবে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ৩০০ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের ‘রূপসা নদীর বাঁকে’র কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল নিজেই।
অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাসহ অনেকে।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে তৈরি। যাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা হত্যা করে।
এই সিনেমায় স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে তুলে আনা হয়েছে।