টাইগার শ্রফের চেহারা কারিনার মতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার শ্রফ
টাইগার শ্রফ

‘হিরোপান্তি’ ছবি দিয়ে গত মে মাসে বলিউডে যাত্রা শুরু করেছেন প্রখ্যাত অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। ২৫ কোটি রুপি বাজেটের ছবিটি এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে ৬০ কোটি রুপি। নবাগত অভিনেতা হিসেবে যথেষ্ট সুনাম কুড়ালেও, টাইগারের মেয়েলি চেহারা নিয়ে সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে নানা সরেস মন্তব্য ছাড়া হচ্ছে। বিশেষ করে তাঁর চেহারা ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের মতো—এমন কৌতুকপূর্ণ মন্তব্য ব্যাপক সাড়া ফেলেছে। তবে বিষয়টিকে অপমান নয়, প্রশংসা বলেই মনে করছেন টাইগার।

কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান



কারিনা ও টাইগারের চেহারার সাদৃশ্য নিয়ে তির্যক মন্তব্যটি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টাইগার বলেন, ‘সত্যিই খুব মজাদার একটি মন্তব্য এটি। কারিনা কাপুরের মতো অসাধারণ রূপবতী একজন নারীর সঙ্গে আমার চেহারার মিল রয়েছে—এটিকে প্রশংসাসূচক মন্তব্য বলেই মনে হয়েছে আমার কাছে। সত্যিই অনেক বেশি সুন্দর তিনি। দিনশেষে সুন্দর তো সুন্দরই, তাই না!’

টাইগার আরও বলেন, ‘মানুষ আমার নাম ও চেহারা নিয়ে মজা করছেন। এর ইতিবাচক দিক হলো, সবাই আমাকে নিয়ে চর্চা করছেন। এতে প্রমাণিত হয়, আমি মানুষের মনে দাগ কাটতে পেরেছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

চেহারার কারণে বলিউডের নায়ক হিসেবে দর্শকেরা গ্রহণ করবেন কি না, তা নিয়ে নিজের ভেতর সংশয় ছিল বলেই জানিয়েছেন ২৪ বছর বয়সী টাইগার। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি বরাবরই জানতাম, আমার চেহারা সাধারণ ভারতীয়দের মতো নয়। আদর্শ ভারতীয় পুরুষের মতো চেহারা না থাকায় দর্শক আমাকে নায়ক হিসেবে গ্রহণ করবেন কি না, তা নিয়ে দ্বিধা ছিল আমার ভেতর। কিন্তু এখন আমার মনে হচ্ছে, দর্শকদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও ঢের বেশি ইতিবাচক সাড়া পেয়েছি আমি।’      

সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ‘হিরোপান্তি’ ছবিটি পরিচালনা করেছেন ‘কমবখশ ইশক’ ছবির নির্মাতা সাব্বির খান। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। তাঁর বিপরীতে রয়েছেন মডেল ও অভিনেত্রী কৃতি শ্যানন। ‘হিরোপান্তি’ মুক্তি পেয়েছে গত ২৩ মে।