ছোট্ট কাঠের খণ্ড দুজনকেই ভাসিয়ে রাখতে পারবে না একসঙ্গে। বরফজমা সমুদ্রের হিমকাঁপুনি ঠান্ডা জলের মধ্যে নিজেকেই উৎসর্গ করার সিদ্ধান্ত নিল জ্যাক। কাঠের ওপর রোজ। জ্যাক জানে, রোজের মধ্যে, রোজের অনাগত সন্তানের মধ্যেই সে বেঁচে থাকতে পারবে। জ্যাক জানে, তার মৃত্যু আছে, বিনাশ নেই। নিজের ভালোবাসার জন্য নিঃশঙ্কচিত্তে তাই আত্মোৎসর্গ করল জ্যাক। রোজের ভালোবাসার উষ্ণতাও পারল না তাঁকে হিমঠান্ডা থেকে বাঁচাতে। ঠান্ডায় জমে প্রাণ হারাল জ্যাক। একসময় তলিয়ে গেল গহিনে।কোথায় গেল? সমুদ্রতলের সেই নিঃশব্দ নিঃসঙ্গ জায়গাটিতে কিছুক্ষণ থাকার অভিজ্ঞতা কেমন? সেটা জানতেই জ্যাকের স্রষ্টা জেমস ক্যামেরন নিজে কদিন আগে সাবমেরিন নিয়ে নেমেছিলেন একেবারে তলদেশে।৫৭ বছর বয়সী এই পরিচালকের সমুদ্র তলদেশে যাত্রার একটা উদ্দেশ্যও ছিল। এ বছর টাইটানিক জাহাজটির সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাওয়ার শতবর্ষ পূর্তি হচ্ছে। খুব বেশি দিন আর বাকি নেই। ১৯১২ সালের ১৫ ফেব্রুয়ারি এক হাজার পাঁচ শরও বেশি যাত্রী নিয়ে অতলান্তিকের অতল অন্তে ডুবে গিয়েছিল টাইটানিক। এ নিয়ে ১৯৯৭ সালে বক্স অফিস আর অস্কারের পুরস্কারমঞ্চ দুটোই কাঁপিয়ে দেওয়া ছবি মুক্তি দিয়েছিলেন ক্যামেরন। ১১টি অস্কার জেতা এবং ১৮০ কোটি ডলার আয় করা সেই টাইটানিক ছবিটি আগামীকাল মুক্তি পাচ্ছে আবার। এভাবেই টাইটানিকের তলিয়ে যাওয়ার শতবর্ষকে স্মরণ করছেন ক্যামেরন।একই ছবি দ্বিতীয়বার মুক্তি দেওয়ার যুক্তি কী? না, আগের ছবিটাই, তবে আগের প্রযুক্তিতে ভর করে নয়। অ্যাভাটার দিয়ে ত্রিমাত্রিক ছবির জগতে আরেক আলোড়ন তোলা, রেকর্ড ২৮০ কোটি ডলার পকেটে পোরা ক্যামেরন টাইটানিককে দিয়েছেন ত্রিমাত্রিক মাত্রা। থ্রিডি সংস্করণই মুক্তি পাচ্ছে। এতে করে দর্শকেরা যেন জাহাজে বসেই উপভোগ করতে পারবে দৃষ্টিনন্দন জাহাজটি, তাদের স্পর্শগ্রাহ্য দূরত্বেই গোলাপ হয়ে ফুটবে জ্যাক-রোজের প্রেম। আবার জাহাজের তলিয়ে যাওয়ার দৃশ্যও একদম জীবন্ত হয়ে শিহরণ জাগাবে দর্শকদের রোমকূপে। অনেকেই ক্যামেরনকে ধন্যবাদ জানাচ্ছেন ছবিটির ত্রিমাত্রিক সংস্করণ মুক্তি দেওয়ার জন্য। তবে নিন্দুকেরাও কলুপ এঁটে নেই। তাদের কথা, স্রেফ শতবর্ষ পূর্তির আবেগকে পুঁজি করে ক্যামেরন আসলে টু-পাইস কামিয়ে নিতে চাইছেন। লন্ডনে ছবির প্রিমিয়ারে এসে যখন এমন প্রশ্নের মুখোমুখি হলেন, ক্যামেরন যেন চটেই গেলেন, ‘দেখুন, সব সময়ই এমন কিছু মানুষ থাকে যারা বাড়া ভাতে ছাই দিতে পছন্দ করে। সত্যি বলছি, আমার মূল উদ্দেশ্য হলো টাইটানিককে আবার স্মরণ করা, সেই ইতিহাসকে স্মরণ করা। আমি এ কারণেই ছবিটি বানিয়েছি, আর আপনারা সেটা জানেন।’টাইটানিক ক্যামেরনের কাছে আসলে শুধু একটা ছবি নয়। আদুরে ছোট মেয়ে যেন। একটা আবেগ, একটা স্বপ্নের আধার। এই ছবি বানাতে গিয়ে নিজে ১২ বার সমুদ্রতলে গিয়ে দেখে এসেছেন ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকা জাহাজের কঙ্কালটি। যতবার গেছেন, ক্যামেরনের ভাষায়, ততবারই যেন নতুন গল্প খুঁজে পেয়েছেন, শতাব্দী আগে যে ছোট ছোট গল্প ইতিহাসবিদের অগোচরে ঘটে যাচ্ছিল জাহাজের ডেকে, কেবিনে, পানশালায়-প্যাসেজে। ‘আমি সেই গল্পটাই বলতে চেয়েছি, যে গল্প ইতিহাসে নেই’—বলেছেন ক্যামেরন। ছবির প্রিমিয়ার উপলক্ষে ছোটখাটো একটা পুনর্মিলনীর মতোও হয়েছে। সুদর্শনা কেট উইন্সলেটও এসেছিলেন। এসেছিলেন আরও অনেক অভিনেতাই। লিওনার্দো ডিক্যাপ্রিও অবশ্য আসতে পারেননি। টাইটানিক-এর ত্রিমাত্রিক ছবির সৌজন্যে হুট করে যেন ফিরে এসেছে ১৯৯৭ সালও! কম তো আর সময় হলো না। প-নে-র বছর! কিন্তু আবারও টাইটানিক নিয়ে দর্শকদের আগ্রহ প্রমাণ করল, টাইটানিক ডুবেও যেন ডোবেনি। টাইটানিক এখনো শোঁ শোঁ গতিতে ছুটে চলছে দর্শকদের হূদ্স্পন্দে! রাজীব হাসান, তথ্য: এএফপি, রয়টার্স