টাকা হলে ভালো ছবি নির্মাণ করা যায়
পরীমনি ভালো অভিনয় করেছে, তবে নবাগত নায়ক রোশান চৌধুরীর মধ্যে একটু জড়তা দেখা গেছে তা প্রথম ছবি বলে হয়তো, পরবর্তীকালে কাটিয়ে উঠবে আশা করা যায়

ঈদুল আজহার এক দিন পর গত বৃহস্পতিবার ছুটির আমেজ সারা ঢাকা শহরে। যেহেতু ফিল্ম আমার রক্তে মিশে আছে, সেহেতু চলে গেলাম নিউ মার্কেটের কাছে বলাকা সিনেমা হলে। দেখলাম রক্ত ছবিটি চলছে। নতুন হিরো দেখার আশায় হলে ঢুকে বসে গেলাম। ছবি শুরু হলো। ভালোই লাগছিল, তবে প্রথমে অল্প সময়ের জন্য গল্প বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। আস্তে আস্তে সব বোঝা গেল। দেশের ইন্টেলিজেন্সের একটি মেয়ে গল্পের নায়িকা পরীমনি। যে কিনা বিভিন্ন প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত হয়ে নিজেকে দেশের কাজে উৎসর্গ করে। এদিকে দুই ভিলেন অমিতকে টাকা দিয়ে কিনে নেয় সার্ক সামিটের ভাবমূর্তি নষ্ট করার জন্য। পরীমনি দেখে ফেলে বাধা হয়ে দাঁড়ায়। অমিত তারই বড় বোনের স্বামী। অমিত হাসানের সব কুকীর্তির খবর যখন তার স্ত্রী জেনে ফেলে, তখন সে স্ত্রীকে গুলি করে মেরে ফেলে এবং ছোট মেয়ে মুন্নীকেও গুলি করে মারতে যায়। আর সেই চরম মুহূর্তে পরীমনি মুন্নীকে বাঁচিয়ে পালায়। অমিতের দল তাড়া করে এবং একসময় ধরতে না পেরে গুলি করে। গুলি খেয়ে পরীমনি মুন্নীসহ ব্রিজের ওপর থেকে পানিতে পড়ে। পরীমনি ও মুন্নী বেঁচে যায় কিন্তু পরীমনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে।
গল্পের নায়ক রোশন চৌধুরী একজন ফ্রি ল্যান্স জার্নালিস্ট। সব সময় ঝুঁকিপূর্ণ কাজে সে আনন্দ পায়; কিন্তু তার কাজে সে সাফল্য বয়ে আনতে পারেনি। একদিন সে মুন্নীকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পথে পরীমনিকে দেখতে পায়। পরীমনিকে দেখে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। তারপর থেকে অনেক চেষ্টা করেও পরীমনিকে আর সে দেখতে পায় না। মন থেকে চাইলে যে সবই পাওয়া যায় তারই উদাহরণ হয়ে আবার তার পরীমনি-দর্শন। পরীমনিকে একটা বিপদ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেই সূত্র ধরে পরীমনির সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এদিকে ভিলেনরা পরীমনিকে খুঁজতে থাকে, তার কাছে তাদের সব তথ্য আছে। তাকে ধরতে না পারলে সব ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। একসময় পরীমনিকে ধরে ফেলে প্রচণ্ড টর্চার করে। পানিতে চোবায় তথ্য বের করার জন্য; কিন্তু পরীমনির স্মৃতি না থাকায় সে কিছুই বলতে পারে না। টর্চারে পরীমনির স্মৃতি ফিরে আসে। পরে অ্যাকশন করে ভিলেনদের শেষ করে দেশকে বাঁচায়।
পরীমনি ভালো অভিনয় করেছে, তবে নবাগত নায়ক রোশন চৌধুরীর মধ্যে একটু জড়তা দেখা গেছে তা প্রথম ছবি বলে হয়তো, পরবর্তীকালে কাটিয়ে উঠবে আশা করা যায়। অমিত হাসান, বিপ্লব চ্যাটার্জিসহ সব শিল্পীই চরিত্র অনুযায়ী ভালো। বিশিষ্ট অভিনেতা নাদের খান পত্রিকার সম্পাদকের চরিত্রে দারুণ অভিনয় করে দর্শককে হাসিয়ে মাতিয়ে রেখেছে।
এই ছবির গানগুলো শ্রুতিমধুর। বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত গানগুলো ছবির প্রাণ। ফটোগ্রাফি সুন্দর। গল্পে নতুনত্ব আছে। এডিটিংও ভালো। কিছু ভুলত্রুটি বাদ দিলে রক্ত একটি উন্নতমানের ছবি, এটা বলা যায়। টাকা হলে যে ভালো ছবি নির্মাণ করা যায় এবং আমাদের দেশের পরিচালকেরা ভালো ছবি বানাতে পারেন, তার উৎকৃষ্ট প্রমাণ রক্ত।
যৌথ প্রযোজনায় সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য প্রযোজনা সংস্থাকে ধন্যবাদ। আর দর্শকদের মনের চাহিদা মেটাতে সক্ষম একটি ভালো মানের ছবি নির্মাণ করার জন্য সুমনকেও অনেক অনেক ধন্যবাদ।
রক্ত
পরিচালক: সুমন
অভিনয়শিল্পী: পরীমনি, রোশান, অমিত হাসান, আশীষ বিদ্যার্থি