টাঙ্গুয়ার হাওরে ‘মনের মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪জানুয়ারি, সোমবার। শীতের সকাল। তখনো কুয়াশা কাটেনি। জাগেনি হাওরের গ্রামগুলো। হাওরের উপজেলা তাহিরপুর। বাজারের দু-একটা চা-স্টলের পাট খুলেছে। কেউ কেউ গায়ে চাদর জড়িয়ে চা পান করছেন। গরম চা। ধোঁয়া উড়ছে কাপে। কুয়াশা-শীত একটু বেশিই পড়েছে আজ। লোকেশনগুলো আরও একবার দেখে নিতে একটু পর হাওরের উদ্দেশে রওনা দেবেন চলচ্চিত্রনির্মাতা গৌতম ঘোষ। এক দিন আগেই তিনি এসেছেন সুনামগঞ্জে। শুটিং ইউনিট নিয়ে উঠেছেন তাহিরপুর উপজেলা সদরের রেস্টহাউসে। তাঁর সঙ্গে বাংলাদেশের প্রযোজক হাবিবুর রহমান খান এবং ছবির কলাকুশলীরা।সুনামগঞ্জের বৃহত্তম টাঙ্গুয়ার হাওরে মনের মানুষ ছবির শুটিং করবেন তিনি।সকাল পৌনে নয়টা। কড়া নাড়তেই রেস্টহাউসের একটি কক্ষের দরজা খুলে লুঙ্গি পরা যিনি বেরিয়ে এলেন, তিনি রাইসুল ইসলাম আসাদ।পদ্মা নদীর মাঝির সেই কুবের মাঝি; এবার কাজ করছেন গৌতম ঘোষের মনের মানুষ চলচ্চিত্রে। সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে লালন শাহর জীবনদর্শন নিয়েই এই ছবির গল্প। এ সময় মোটরসাইকেলে এসে নামেন আরও দুজন। বোঝা গেল, শুটিং ইউনিটের লোক। এই দুজনের একজন রাইসুল ইসলাম আসাদকে লক্ষ্য করে বললেন, ‘আসাদ ভাই, ইনি কলকাতা থেকে এসেছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর—পিনাকী মজুমদার। আপনাকে অবশ্য আগে থেকেই চেনেন।’ আর যিনি পরিচয় করিয়ে দিলেন, তিনি হলেন শাহেদ আলী। তিনিও সহকারী পরিচালক। বাংলাদেশের। পরিচয়পর্ব শেষে আসাদ শীত নিয়ে কথা বলেন। হাসেন। ‘এত শীত। তেজপাতার মতো দুইখান কম্বল কিনেছি। এগুলো দিয়ে এত শীতে রাত কাটানো যায়!’ বলেন আসাদ।কিছুক্ষণ পর গৌতম ঘোষ হাওরের উদ্দেশে রওনা দিলেন। স্পিডবোটে তাঁর সঙ্গে আরও কজন। কুয়াশার চাদর ভেদ করে স্পিডবোট প্রথমে যায় টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ী এলাকায়। হাওরের ভেতর ছোট একটি নদীর পারে গোলাবাড়ী ক্যাম্প। এসব ক্যাম্প থেকেই সরকারের পুলিশ-আনসার হাওরের সম্পদ পাহারা দেয়। নদীর দুই কূল জুড়ে হিজল-করমচার বাগ। চোখ জুড়িয়ে যায়। দেখে ভালো লাগে তাঁর। এখানে নেমে চারদিকে তাকান তিনি। দিগন্তবিস্তৃত কুয়াশামোড়া হাওরের রূপ দেখেন। এরপর বোট নিয়ে যান হাওরের রৌয়া বিলে। সেখানে বোটের শব্দ পেয়ে একদল পাখি একসঙ্গে আকাশে উড়াল দেয়। আকাশে তাকিয়ে পাখির ওড়াউড়ি দেখেন গৌতম ঘোষ। কিছুক্ষণ তাকিয়ে বলে ওঠেন, ‘চমত্কার!’ এরপর একে একে হাওরের বোয়ালমারী বিল, ইকরামপুরের হিজলতলা, রামজীবনপুরের খাল, শনির হাওরের বগিআনি এলাকার লোকেশন দেখেন তিনি।যেখানেই যান, সেখানে শুটিংয়ে কী কী প্রয়োজন হবে, তা বলে দেন সহকর্মীদের। কখনো স্ক্রিপ্ট হাতে নিয়ে একবার সেটি দেখে, তারপর হাওরের দিকে তাকিয়ে ভাবেন তিনি। শেষ লোকেশন হাওরের ভেতর বগিআনি এলাকায় যখন আমরা, তখন কুয়াশা কেটে গেছে। সময় আর সকাল নেই, দুপুর। আকাশে রোদ। চারপাশ দেখে একটি মাছধরার খলার ছোট্ট ঘরের উঠানে গিয়ে চেয়ার নিয়ে বসেন গৌতম ঘোষ, যেখান থেকে পুরো হাওর দেখা যায়—কৃষকের ফসল বোনা, জেলেদের মাছ ধরা, দূরের গাছগাছালি, ওপারের ঝাপসা সবুজ গ্রাম, উত্তরের পাহাড়। তিনি যখন একমনে হাওরের দিকে তাকিয়ে, তখন বলি, ‘মনের মানুষ নিয়ে হাওরে কেন, এই দুর্গম টাঙ্গুয়ার হাওরে?’ হাওরের পানে চোখ রেখেই একসময় বলেন, ‘আমার স্বপ্ন-কল্পনায় হাওর অনেক দিন থেকেই ছিল। হাওর দেখার শখ ছিল। হাওরের মানুষদের দেখার ইচ্ছে ছিল। কিন্তু সময় হয়ে ওঠেনি। হাওর খুব সুন্দর। একেক সময় হাওরের সৌন্দর্য একেক রকম। বর্ষায় শুধু জল আর জল। উত্তাল ঢেউ। আর এখন আরেক রূপ। আমি এই রূপ দেখে মুগ্ধ।’ কথায় কথায় জানালেন, গল্পের প্রয়োজনেই হাওর এসেছে। প্রযোজক বলার পর তিনি বর্ষায় এক চক্কর দিয়ে যান টাঙ্গুয়ার হাওরে। ভালো লাগে হাওর, প্রকৃতি, জল-মাটি ও মানুষদের। তাই আসা। আবার আসবেন তিনি। একসময় হাওরপাড়ের মানুষের প্রশংসা করলেন তিনি।লোকেশন থেকে ক্যাম্পে ফেরার পর দুপুরের খাবারের আয়োজন। ক্যাম্পের আশপাশে মানুষ বেড়েছে। তারা নায়ক-নায়িকার খোঁজখবর নিচ্ছে। কেউ বলছে, প্রসেনজিত্ বিকেলে আসবেন। পাশ থেকে আরেকজন বলে ওঠে, ‘আরে না, নায়ক কালকে আইব। নায়িকা আজ আসছে। পথে আছে। কাল সকালে শুটিং না...!’ এ রকম গালগল্প চলতে থাকে। পিনাকী মজুমদার, শাহেদ আলী ব্যস্ত। এদিক-সেদিক হাঁটাহাঁটি করছেন। ইউনিটের লোকজন আসছেন। কেউ সুনামগঞ্জ শহরে। ঢাকা থেকে আসছেন কেউ কেউ। সবার সঙ্গে যোগাযোগ করছেন শাহেদ আলী।ক্যাম্পের সামনেই হাওরপাড়ে একজনকে ঘিরে কথা বলছেন বেশ কিছু লোক। কাছে গিয়ে জানা গেল, মাঝখানে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছেন যিনি, তিনি হলেন এই ছবির প্রধান সহকারী চিত্রগ্রাহক সুনির্মল ব্যানার্জি। ‘যাঁরা লালনের গান শুনেছেন, লালনকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, লালনের সঙ্গে হয়তো পরিচয় নেই, তাঁদের সঙ্গে লালনকে পরিচয় করিয়ে দেবে এই ছবি। হাওর-প্রকৃতির সঙ্গে লালনের গানজীবনের সম্পর্ক রয়েছে। প্রকৃতির রূপ-সৌন্দর্য তাই ছবিতে নেওয়া হচ্ছে।’ রোদ পোহাতে পোহাতে বলে যাচ্ছেন তিনি। সুনির্মল ব্যানার্জি আমাদের আরও বলেন, লালনকে নিয়ে হয়তো আরও ছবি হয়েছে। কিন্তু এটি অন্য রকম গল্প, অন্য রকম ছবি—যেখানে লালনের শৈশব-কৈশর-যৌবন-বিয়েসহ পুরো জীবন উঠে আসবে। আর এই লালনের চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার নায়ক প্রসেনজিত্। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিতে বাংলাদেশের অভিনয় করবেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ।দুপুরের খাবারের পর বিকেল চারটার দিকে সবাইকে নিয়ে বসেন গৌতম ঘোষ। সকাল থেকে শুটিং শুরু হবে। এ নিয়ে আলাপ-আলোচনা। কথা চলছে। এর ফাঁকে একটি খবর আসে। ইউনিটের একটি গাড়ি নাকি সুনামগঞ্জে আসার পথে সিলেটে দুর্ঘটনায় পড়েছে। গাড়িতে নাকি ওপার বাংলার নায়িকা পাওলি ধামও আছেন। এ রকমই শোনা গেল। সবার মধ্যে কিছুটা উদ্বেগ আর উত্কণ্ঠা। গৌতম ঘোষ বেরিয়ে আসেন কক্ষ থেকে। মুঠোফোনে কথা বলেন। কয়েকবার। পায়চারি করেন। একসময় বলে ওঠেন, ‘আমি আসছি। তোমরা চিন্তা কোরো না। সব ঠিক হয়ে যাবে।’ তিনি সুনামগঞ্জ হয়ে সিলেটে যাবেন এই মুহূর্তে। স্পিডবোটে ওঠেন। সূর্য তখন হাওরের ওপারে ডুবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে হাওরের দিগন্তে আঁকা আলোর শেষ রেখা।