মীম, কী করছেন?কোনো কাজ নেই। অনেক দিন পর টানা তিন দিন অবসর পেয়েছি। পুরো সময়টা বাসায়ই আছি।হরতালের জন্য?হ্যাঁ। একটি এক ঘণ্টার নাটকের শুটিং হওয়ার কথা ছিল, উত্তরায়। শেষে শুটিং স্থগিত করা হয়। পরে কীভাবে যে এই নাটকের জন্য আলাদা করে সময় বের করব, জানি না।বাসায় অবসর সময়টা কীভাবে কাটাচ্ছেন?পড়াশোনা করছি। ক্লাসের কিছু পড়া জমা হয়ে গিয়েছিল।আপনি তো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। টিভিতে দেখছি, বিশ্ববিদ্যালয়ের প্রভাষকের চরিত্রে অভিনয় করছেন!হ্যাঁ, মাছরাঙা টিভির ইউনিভার্সিটি নাটকে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বাস্তবে ছোটবেলায় স্বপ্ন দেখতাম ডাক্তার হব। বাবা (বীরেন্দ্রনাথ সাহা) কলেজের অধ্যাপক। তাঁকে দেখে শিক্ষক হওয়ার লোভ হতো। ‘লাক্স-চ্যানেল আই সুপার স্টার’ প্রতিযোগিতা আমার জীবনটা একেবারে পাল্টে দিয়েছে। বলতে পারেন, মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন আমি কাজ করছি টিভি আর চলচ্চিত্রে।আপনার বাবা এখন কোথায় আছেন?ইডেন বিশ্ববিদ্যালয়ে। বাবা এখানে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান।‘ইউনিভার্সিটি’ নাটকে শিক্ষকতা কেমন উপভোগ করছেন?আমি ধারাবাহিকে এমনিতেই কম কাজ করি। নানা ঝামেলা হয়। নিয়মিত সময় বের করা কঠিন হয়ে পড়ে। ইউনিভার্সিটি একদম আলাদা। নাটকের অন্য শিল্পীদের মাঝে এলে মনেই হয় না, আমি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। নাটকের গল্পেও সেই মজাটা রয়েছে।চলচ্চিত্রে কাজের খবর কী?এ মাসে প্রথম দুই দিন পদ্মপাতার জল ছবির কাজ করেছিলাম। আবার কাজ করব ২০ থেকে ৩১ মার্চ পর্যন্ত। এরপর টুকটাক কিছু কাজ বাকি থাকবে। পরিচালক তন্ময় তানসেন এই ছবিতে একটা সময়কে বাস্তবসম্মতভাবে তুলে ধরছেন। আমরা শুটিং করেছি রোজ গার্ডেনে। এটা ইমনের সঙ্গে আমার তৃতীয় ছবি।