টানা ৩ দেশ সফরে বিশ্বজিৎ
বাহরাইন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া—তিন দেশে টানা সফরের জন্য সামনের দেড় মাস বেশ ব্যস্ত সময় পার করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গতকাল তিনি বাহরাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।কুমার বিশ্বজিৎ বাহরাইন থেকে মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘১৯ আগস্ট প্রবাসী বাঙালীদের আয়োজনে বাহরাইনের একটি কনসার্টে গান করার জন্যই এখানে আসা। বাহরাইনের কনসার্টটি শেষ করে ২০ আগস্ট ঢাকায় ফিরব। তারপর এক দিন বিশ্রাম নিয়ে আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিতে হবে।’বাহরাইন থেকে বাংলাদেশে এসে এক দিন বিশ্রাম নিয়ে ২১ তারিখ কুমার বিশ্বজিৎ যুক্তরাষ্ট্রের ফোবানা উৎসবে অংশ নিতে ঢাকা ছাড়বেন। সেখানে চারটি শো শেষ করে ঢাকায় ফিরবেন ২৮ আগস্ট। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবার পরদিন অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার ক্যানবেরা, মেলবোর্ন ও সিডনিতে তিনটি বড় কনসার্টে অংশ নেবেন। ২৯ সেপ্টেম্বর কনসার্ট শেষ করলেও তিনি দেশে ফিরবেন আগামী ২ অক্টোবর।অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই অক্টোবরের প্রথম সপ্তাহে কুমার বিশ্বজিৎ আবারও ব্যস্ত হবে পড়বেন চ্যানেল আইয়ের রিয়ালিটি শো ‘সেরাকণ্ঠ’-এর বিচারকাজ নিয়ে। কুমার বিশ্বজিৎ ছাড়াও চ্যানেল আই সেরাকণ্ঠের এবারের বিচারকের আসনে আরও থাকবেন সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমীন।এদিকে এবারের ঈদে এই প্রথম কুমার বিশ্বজিৎকে উপস্থাপকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে। চ্যানেলে টোয়োন্টি ফোরের জন্য জন্য নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘ধ্রুবতারা’। এই অনুষ্ঠানে কুমার বিশ্বজিতের সঙ্গে অতিথি হয়ে আলোচনায় অংশ নিয়েছেন সংগীতে তিনজন ধ্রুবতারা। তাঁরা হলেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন ও নিয়াজ মোহাম্মদ চৌধুরী।