টানাপোড়েন চলছে ক্যাটরিনা-রণবীরের সম্পর্কে!
ভালো যাচ্ছে না রণবীর-ক্যাটরিনার সম্পর্ক। সম্প্রতি সম্পর্কের টানাপোড়েনের কারণে খবরের শিরোনাম হয়েছেন বহুল আলোচিত বলিউডি তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘ওয়ান ইন্ডিয়া’ জানায়, রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভালো যাচ্ছে না। প্রেমিকা হিসেবে মোটেও আধুনিক নন ক্যাটরিনা। তিনি সম্পর্কের ক্ষেত্রে পুরোনো ধ্যান-ধারণাই আঁকড়ে থাকতে চান। প্রেমের ক্ষেত্রে তাঁর কাছে বিশ্বাসটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রণবীরের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে চান তিনি। কিন্তু প্রায়ই ক্যাটরিনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন রণবীর। তখন তিনি ক্যাটরিনার ফোন কিংবা এসএমএসের জবাবও দেন না। সূত্রটি আরও জানায়, ক্যাটরিনার আপত্তি সত্ত্বেও সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটি বেঁধেছেন রণবীর। ক্যাটরিনা বাধা দিলে রণবীর বলেছিলেন, ‘এক থা টাইগার’ ছবিতে সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে অভিনয়ে তো তিনি তাঁকে বাধা দেননি! এসব নিয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে রণবীর-ক্যাটরিনার মধ্যে।