টাবুর সঙ্গে আমার গালাগালির সম্পর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>পিঠে অসহ্য যন্ত্রণা। ঠিকমতো হাঁটতে, এমনকি বসতে পর্যন্ত পারছিলেন না। ‘গোলমাল অ্যাগেন’ মুক্তির আগে, তা-ও এসেছিলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন জুহুর সান অ্যান্ড স্যান্ড হোটেলে। অজয় দেবগনের সামনাসামনি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।
‘গোলমাল অ্যাগেন’ ছবির দৃশ্য
‘গোলমাল অ্যাগেন’ ছবির দৃশ্য

কোনো অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে কি পিঠে লেগেছে?

‘গোলমাল অ্যাগেন’ ছবির দৃশ্য
‘গোলমাল অ্যাগেন’ ছবির দৃশ্য

না। হঠাৎই খুব ব্যথা শুরু হয়। আসলে এটা পুরোনো আঘাত। আবার ফিরে এসেছে। কোমরের স্নায়ুর ওপর স্নায়ু চড়ে গিয়েছে। চিকিৎসক টানা চার দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু তা আর হচ্ছে কোথায়। আজকে কীভাবে এলাম, তা আমিই জানি। হাঁটতে তো কষ্ট হচ্ছে। এমনকি বসলেও ব্যথা করছে। বাড়ি থেকে নিজের বসার চেয়ারটা নিয়ে আসতে হয়েছে। এই চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ারে বসতে পারছি না।
সাত বছর পর আবার ‘গোলমাল’ টিমের সঙ্গে পুনর্মিলন, কেমন লাগল?
দারুণ। ‘গোলমাল অ্যাগেন’-এর সময় আবার যখন আমাদের সেটে দেখা হলো, মনে হলো কালই আমাদের দেখা হয়েছিল, আবার আজ দেখা হলো। কখনোই আমাদের মনে হয়নি সাত বছর পর আবার আমরা এক হলাম। দেখা হতেই আবার আমাদের মধ্যে শুরু হয়ে যায় হাসি, মজা, আড্ডা। আমাদের দলে নতুন এসেছে টাবু ও পরিণীতি। টাবু তো আমার খুবই পুরোনো বন্ধু। তাই ওর সঙ্গে আমার আগে থাকতেই একটা কমফোর্ট জোন ছিল। পরিও প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিল। গোলমাল আমাদের কাছে একটা পিকনিক। সবাই দারুণ উপভোগ করি।
এই নিয়ে চারবার ‘গোলমাল’ হচ্ছে। বারবার এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার বিশেষ কোনো কারণ?
গোলমাল দারুণ এবং খুব বড় ফ্র্যাঞ্চাইজি। আমি এই ফ্র্যাঞ্চাইজিতে কাজ করতে খুব উপভোগ করি। গোলমাল দর্শককে ভীষণভাবে মনোরঞ্জন করে। তাই চতুর্থবার ফিরে এলাম। এবারও আমরা ভালো চিত্রনাট্য নিয়ে এসেছি।
আপনার ছেলে ‘যুগ’ তো এখন একটু বড় হয়েছে। এবার নিশ্চয় ও ‘গোলমাল অ্যাগেন’ উপভোগ করবে?
শুধু যুগ কেন, ছোটরা গোলমাল সিরিজ ভীষণই উপভোগ করে। টিভিতে সপ্তাহে একবার করে গোলমাল সিরিজের কোনো না কোনো ছবি দেয়।
সুপারস্টার হয়েও আপনাকে খুব সাধারণ চরিত্রে দেখা যায়। এটাই কি অভিনেতা অজয়ের ফান্ডা?
আমি মনে করি, একজন অভিনেতার সব ধরনের চরিত্রে অভিনয় করা উচিত। আর আমি অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয় করতে মজা পাই। সাধারণত এভাবেই ‘লার্জার দ্যান লাইফ’ হয়ে ওঠা যায়। ‘গোলমাল’-এ আমার চরিত্রটা এমন যে আমি অন্যকে নিয়ে মজা করব। অন্য কেউ আমাকে নিয়ে মজা করবে। এ ধরনের সাধারণ চরিত্রে অভিনয় করতেই উপভোগ করি।
কিছুদিন আগে জোর গুজব ছিল যে টাবুর নাকি আপনার জন্য বিয়ে হয়নি?
হা হা হা (সশব্দে হেসে)। যত্তসব বাজে কথা। না, সে রকম কিছু নয়। আসলে টাবুর সঙ্গে আমার শুধু সহ-অভিনেতার সম্পর্ক নয়। ও আমার কলেজজীবনের আগের বন্ধু। টাবুর সঙ্গে আমার গালাগালির সম্পর্ক। তখন টাবুর ব্যাপারে ভীষণ পজেসিভ ছিলাম। টাবুর সঙ্গে অন্য কোনো ছেলে কথা বললে তাকে বেধড়ক মারধর করতাম। ওর আশপাশে কোনো ছেলেকে ঘেঁষতে দিতাম না।
নিজের মেয়ে নিয়াসার ক্ষেত্রে কতটা সাবধানী? কাজল বলেছিলেন যে আপনারা নাকি নাইট ক্লাবে যাওয়ার অনুমতি দেন না আপনাদের মেয়েকে?
এখন যা দিনকাল, সাবধানী তো হতেই হবে। অভিভাবক হিসেবে যা যা করণীয়, তা তা করি। সবাই তাঁদের সন্তানদের ক্ষেত্রে সাবধান এখন। ছেলেমেয়েদের ভালো-খারাপ দুদিকই বোঝাতে হয়। কীভাবে নিজেকে বাঁচিয়ে চলবে, তা শেখাই। সময় এখন খুবই খারাপ। তাই দায়িত্ব আরও বেড়ে গেছে। আর আমি ও কাজল শুরু থেকেই মেয়েকে নাইট ক্লাবে যাওয়ার অনুমতি দিইনি।
অভিনেতা হিসেবে কোন ছবিটা আপনার ইমেজ বদলে দিয়েছে বলে মনে হয়?
এ ক্ষেত্রে ‘জখম’ ছবির কথাই বলব। আমার মনে হয়, এই ছবিটা আমার ইমেজ বদলাতে খুব সাহায্য করেছে।
অভিনেতা অজয়, না স্টার অজয়—কোন সত্তাটাকে এগিয়ে রাখতে চান?
আমি কখনোই নিজেকে স্টার বলে মনে করি না। একজন ভালো অভিনেতা হলে তখনই স্টারডম পাওয়া যায়।
রোহিতের ‘গোলমাল’, প্রকাশ ঝাঁর ‘গঙ্গাজল’, আবার ঋতুপর্ণ ঘোষের ‘রেইনকোট’ ছবিতে আপনাকে দেখা গেছে। নানা ঘরানায় আপনাকে অভিনয় করতে দেখা যায়। আপনি নিজে কোন ঘরানায় অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
একজন অভিনেতার ‘কমফোর্ট জোন’ বলে কিছু নেই। একজন অভিনেতা সকালে উঠে ভাবে না যে আমি আজ কোন ঘরানায় কাজ করতে চলেছি। অভিনেতা শুধু নিজের চরিত্রের কথা মাথায় রাখে। যখন যে চরিত্রে অভিনয় করি, তখন সেই চরিত্র অনুযায়ী নিজেকে গড়ে নিই। তবে হ্যাঁ, আমি সব সময় চেষ্টা করি নানান ঘরানায় কাজ করতে। এর দ্বারা আমি উদ্বুদ্ধ হই।
পরিচালক প্রকাশ ঝাঁ আপনার সম্পর্কে বলেছিলেন যে আপনি অনেকটা জলের মতো। যখন যে চরিত্রে অভিনয় করেন, তখন সেই চরিত্রের মতো হয়ে যান। এ ব্যাপারে আপনি কী বলবেন?
তাই নাকি! প্রকাশ যদি আমার সম্পর্কে এ ধরনের মন্তব্য করে থাকে, তার জন্য ওকে ধন্যবাদ। আমি যখন যে চরিত্র করি, তখন সেই চরিত্রের মতো হয়ে ওঠার চেষ্টা করি। আর তারই জন্য এ কথা বলেছে হয়তো প্রকাশ।
আপনি যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে সবচেয়ে কঠিন চরিত্র কোনটা আপনার কাছে?
এভাবে কিছু বলা মুশকিল। সব চরিত্রই কঠিন। যখন যে চরিত্রে অভিনয় করি, তখন সেই চরিত্রটা সবচেয়ে কঠিন বলে মনে হয়।
কাজল বলেছিলেন যে আপনার সঙ্গে তিনি আবার ছবিতে কাজ করতে চান। কাজলের সঙ্গে আপনাকে আবার পর্দায় কবে দেখা যাবে?
আমরা দুজনই ভালো চিত্রনাট্যের সন্ধানে আছি। মনের মতো চিত্রনাট্য পেলে আবার আমাদের একসঙ্গে দেখা যাবে। কিন্তু সেটা পাওয়াই মুশকিল দেখছি।
সাত বছর অপেক্ষার পর রোহিতের ‘গোলমাল’-এ আপনাকে দেখা গেল। রোহিতের আরেক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি সিংঘাম-এ কবে দেখা যাবে?
(সশব্দে হেসে) দেখি কবে দেখা যায়। ‘সিংঘাম’-এর জন্য ভালো চিত্রনাট্য খোঁজা হচ্ছে।
শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার—সবাই টিভি শো সঞ্চালনা করেছেন বা আবার করতে চলেছেন। আপনার সে রকম কোনো অভিপ্রায় আছে?
এখন পর্যন্ত সে রকম কিছু নেই। টেলিভিশন শো সঞ্চালনা করার বেশ কিছু প্রস্তাব আমার কাছে এসেছিল, কিন্তু আমার কখনোই তা এক্সাইটেড মনে হয়নি। সে রকম কোনো প্রস্তাব এলে নিশ্চয়ই ভেবে দেখব।
আপনার নিজস্ব প্রযোজনা সংস্থা আছে, আর সে–সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন। তার পাশাপাশি অভিনয় করেন। একসঙ্গে দুটি দিক ম্যানেজ করেন কী করে?
শুরুর দিকে ম্যানেজ করতে একটু অসুবিধা হতো। তবে ভাগ্যবশত আমার প্রযোজনা সংস্থায় আমি ভালো টিম পেয়েছি। তাই রোজকার কাজের ঝামেলা পোহাতে হয় না।
আপনি কি মনে করেন, সিনেমা সম্পর্কে নব্বইয়ের দর্শকের থেকে আজকের দর্শকের দৃষ্টিভঙ্গি বদলেছে?
হ্যাঁ বদলেছে তো। আগে অন্য ধারার ছবি সেভাবে চলত না। আমার অভিনীত জখম তখন সেভাবে চলেনি। কিন্তু আজকের মানুষ ছবিটি পছন্দ করছে। প্রশংসা করছে। এখনকার দর্শক ‘জখম’-এর মতো ভালো ছবি দেখে। তার কদর করে। আগে ভালো ছবি বানাতে গেলে ভাবতে হতো। এখন তা আর হয় না। এখন কনটেন্ট-নির্ভর ছবি মানুষ দেখে। আর এটা চলচ্চিত্র-জগতের জন্য খুবই ভালো খবর।
শুনেছি, আপনি নাকি আপনার অভিনীত ছবি দেখেন না?
না, সে রকম কিছু নেই। সময়ের অভাবে অনেক সময় অনেক ছবি দেখা হয় না। তবে অধিকাংশ ছবি আমি দেখি।