টারান্টিনোর পরবর্তী ছবিতে কার্ট রাসেল

অস্কারজয়ী মার্কিন চলচ্চিত্রনির্মাতা কুয়েন্টিন টারান্টিনোর পরবর্তী ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ তারকা কার্ট রাসেল। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ডেথপ্রুফ’ ছবির পর আবারও টারান্টিনোর পরিচালনায় কাজ করবেন প্রখ্যাত এ মার্কিন অভিনেতা। ছবির নাম ‘দ্য হেটফুল এইট’। সম্প্রতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ৬৩ বছর বয়সী এ তারকা অভিনেতা।
এ প্রসঙ্গে কার্ট রাসেল বলেন, ‘টারান্টিনোর পরবর্তী প্রোজেক্ট ‘‘দ্য হেটফুল এইট’’-এ কাজ করার সুযোগ পেয়েছি আমি। আগামী বছরের শুরুর দিকে এর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
অনেক আগেই ‘দ্য হেটফুল এইট’ ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছিলেন টারান্টিনো। কিন্তু অনলাইনে চিত্রনাট্যটি ফাঁস হয়ে যাওয়ায় তিনি ছবির কাজ স্থগিত রাখেন। অবশেষে ছবিটির কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ৫১ বছর বয়সী প্রখ্যাত এ নির্মাতা।
এখন পর্যন্ত ‘দ্য হেটফুল এইট’ ছবি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি টারান্টিনোর পক্ষ থেকে। তবে ধারণা করা হচ্ছে, ছবিটির মেজর মারকুইস ওয়ারেন, ডেইজি ডোমার্গ, ক্রিস ম্যানিক্স, জন গেগ, জেনারেল স্মিথারস এবং ওবি জ্যাকসন চরিত্রে অভিনয় করবেন যথাক্রমে স্যামুয়েল এল জ্যাকসন, অ্যাম্বার ট্যাম্বলিন, ওয়ালটন জগিনস, মাইকেল ম্যাডসেন, ব্রুস ডার্ন ও জেমস পার্কস।