টার্গেট প্লাটুন: অভিনন্দন মামুনুর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমৎকার একটি প্রযোজনা। মামুনুর রশীদ তাঁর সিদ্ধির এই প্রান্তে এসেও যে নতুন কল্পনা ও ভাবনায় উদ্দীপ্ত হতে পারেন, এটি আমাদের জন্য বিরল এক উদাহরণ হয়ে থাকবে। এই নাটক সংগীতনির্ভর। সংলাপ প্রায় গদ্যে রচিত, কিন্তু সুরে বাঁধা। এর কুশীলব সবাই তরুণ অথবা নতুন অথবা দুই-ই। সুর রচনায় যাঁকে পেয়েছি, তিনিও আমার কাছে নতুন। বুঝি নতুনের হাতেই মুক্তিযুদ্ধের স্মৃতি ফিরে আসার এবং আমাদের উদ্দীপ্ত হওয়ার কারণটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষা বৃথা যায়নি, মামুনুর রশীদের নাটক দেখে সেটাই আমার মনে হয়েছে।এ ধরনের কাজ বাংলাদেশের মঞ্চে প্রথম বলেই দেখতে পাচ্ছি। প্রথম প্রয়াসের কাজটির কিছু সমালোচনা করা যেতেই পারে, কিন্তু প্রয়াসটির অভিনবত্ব আমাকে যে মুগ্ধ করেছে, সেটাই এখনকার মতো বড় হয়ে বলা থাক। মঞ্চের রূপ-কল্পনা, এর ব্যাপ্তি ও গভীরতার বর্ধন পুরো নাটককে এমন ভূভাগ দিয়েছে, যা স্বদেশের ৫৬ হাজার বর্গমাইলের সবটা ধরতে পেরেছে বলে আমি মনে করি। অভিনেতাদের যে দেহছন্দ প্রয়োগ করা হয়েছে, তার সঙ্গে গীত সংলাপের সংগতি সব সময় দেখতে পাইনি, ফলে একটা বিপরীতবোধক ভাব মনে কখনো কখনো ছায়াপাত করেছে। সংলাপেও এমন সাদামাটা রূপের চেয়ে রূপকল্প ও চিত্রকল্প প্রযুক্ত হলে নাটকের ভাবটি আরও অনেক গভীরতা পেত। আর, পাকিস্তানি ক্যাম্পে আনীত তিন নারীকে বোধহয় না দেখালেও চলত। কারণ, সেই সময়ের বিকট পরিস্থিতি এমনিতেই যথেষ্ট মর্মস্পর্শী হয়েছে, তার পরও এটি যদি আনতে হতো, তা হলে এর বিস্তারের প্রয়োজন ছিল। কমতির দিকটা না বলারই কথা দিয়েছিলাম, তার পরও উল্লেখ যে করতেই হলো, তার কারণ নাটক প্রতিটি মঞ্চায়নে ভুল-ত্রুটিগুলো শুধরে উঠে একটা চূড়ান্ত পরিণতি পায়; অতএব, আমারও আশা মামুনুর রশীদ তাঁর মেধাবী পরিমার্জনা দিয়ে তাঁর এই নতুন নাটকটিকে শুধু রসোত্তীর্ণ নয়, কালোত্তীর্ণও করে তুলবেন। অভিনন্দন, মামুনুর রশীদ।