মৌসুমী হামিদ, আপনি মাঝে দুর্ঘটনায় আহত হয়েছিলেন। এখন কী অবস্থা?মোটামুটি ভালো। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। এই তো ২ মার্চও কলকাতায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলাম। ৬ মার্চ ঢাকায় ফিরেছি। চিকিৎসকেরা কী বললেন?আমার বাঁ হাতে এখনো কিছুটা ব্যথা আছে। নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি চিকিৎসকেরা কিছু ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন। পুরোপুরি ঠিক হতে ১৫ দিনের মতো লাগবে। তারপর পুরোদমে শুটিং করব। তার মানে, এখন শুটিং বন্ধ?নাহ্। ৭ মার্চ থেকে নাটকের শুটিং শুরু করতে হয়েছে। কয়েকজন পরিচালকের অনুরোধে ছিল। কোনোভাবেই না করতে পারছিলাম না ফেরদৌস হাসান ও রেদওয়ান রনিকে। তাঁদের চশমা ও রেডিও চকলেট রিলোডেড নাটকের শুটিং করছি।‘রোশনী’ ধারাবাহিকের খবর কী?রোশনীর শুটিং পুরোপুরি শেষ। ফেরার পথেই তো দুর্ঘটনায় আহত হলাম।‘রোশনী’ ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা কেমন?রোশনী ধারাবাহিকে অভিনয় আমার জন্য একেবারে অন্য রকম একটা ব্যাপার। অনেক কিছু শিখতে পেরেছি। কলকাতার নির্মাতারা কাজের ক্ষেত্রে অনেক বেশি গোছানো, যা আমাকে অনেক কিছু শিখিয়েছে। এ ছাড়া সেখানে কাজ করতে গিয়ে অনেক নতুন বন্ধু পেয়েছি। ‘রোশনীর’ পর কলকাতায় নতুন কোনো কাজের ব্যাপারে আলাপ হয়েছে?কলকাতার একজন নির্মাতা একটি ইংরেজি ছবি রিমেক করবেন। সেটিতে আমাকে অভিনয় করানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। ঢাকায় আসার পর ই-মেইলে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি। বাংলাদেশের কয়েকজন নির্মাতার সঙ্গেও চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কথা হয়েছে। আচ্ছা, আপনি একটি ছবির শুটিং শুরু করেছিলেন না? সেটার খবর কী?অনিমেষ আইচের না মানুষ ছবিটি নিয়ে আমার প্রত্যাশা ছিল অনেক। ছবিটিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে আমি সে সময় ছয় মাস কোনো ধরনের শুটিং করিনি। এমনকি কারও সঙ্গে যোগাযোগও করিনি। একমাত্র ধ্যানজ্ঞান ছিল ছবিটিকে ঘিরে। কিন্তু বেশির ভাগ অংশের শুটিং শেষ হওয়ার পর আর কাজ এগোয়নি। এর পর থেকে ছবিটির ব্যাপারে আর কিছুই জানতে পারিনি।