টালিউডে সাজ্জাদের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার চলচ্চিত্রের শিরোনাম সংগীত লিখলেন বাংলাদেশের এ প্রজন্মের সম্ভাবনাময় গীতিকার সাজ্জাদ হুসাইন। দ্রোণ আচার্য্যের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। ‘স্রোতের টানে স্রোতের ভাঙন/ ভেঙে ভেঙে পাড়/ জলে বোনা জলেরই সংসার/ নদী রে তুই কাঁদবি কত আর’ গানটির রেকর্ডিং সম্প্রতি কলকাতার রেইনবো ডিজিটাল স্টুডিওতে সম্পন্ন হয়েছে। কিংশুকের পরিচালিত ছবিটির নাম ‘নদী রে তুই’।জানা গেছে, ‘নদী রে তুই’ ছবিতে গান থাকবে পাঁচটি। ছবির সব গানেরই সংগীত পরিচালনা করবেন দ্রোণ আচার্য্য।আজ মঙ্গলবার সকালে কলকাতা থেকে মুঠোফোনে দ্রোণ আচার্য্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘২০১০ সালে আমি একবার বাংলাদেশে আসি। তখনই সাজ্জাদ হুসাইনের সঙ্গে পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে যোগাযোগ হতো। এর মধ্যে সাজ্জাদের লেখার সঙ্গেও আমার পরিচয় ঘটে। নদী রে তুই ছবিটির ব্যাপারে আমার সঙ্গে যখন কিংশুকের কথা হয়, তখন গীতিকার হিসেবে সাজ্জাদের নামটা আমার মাথায় আসে। আর তখনই তাঁর সঙ্গে কথা বলে গানটি চূড়ান্ত করি।’দ্রোণ আচার্য্য আরও বলেন, ছবির পাঁচটি গানের মধ্যে দুটি গানের কথা লিখেছেন সাজ্জাদ। এর একটিতে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন নচিকেতা। আর পরেরটিতে কণ্ঠ দেবেন শ্রীকান্ত আচার্য্য। সঙ্গে থাকবেন বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী। খুব শিগগিরই সেটি চূড়ান্ত করা হবে।ছবিটির গল্প সম্পর্কে দ্রোণ বলেন, ‘নদী রে তুই ছবির গল্প গড়ে উঠেছে বাংলাদেশের পদ্মাপারের একটি গ্রামকে ঘিরে। যেখানে খুব নিঃসঙ্গ পরিবেশে একটি ছেলে বেড়ে উঠেছে। সে তার সুখ-দুঃখ নদীর সঙ্গেই ভাগাভাগি করে । নদীর সঙ্গে কথা বলে। একসময় এক মেয়ের সঙ্গে তাঁর পরিচয় হয় । কিন্তু এই পরিচয় কোনো গন্তব্যে পোঁছে না। শুরু হয় নতুন ভাঙনের স্রোত। এভাবেই ছবিটির গল্প এগোবে।’কলকাতার সিনেমায় গান লেখা প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন বলেন, ‘এই প্রথম একটি ফোক-ঘরানার গান লিখলাম। গানের সুর ও সংগীতায়োজন খুব ভালো লেগেছে। যত দূর শুনেছি, নচিকেতার কণ্ঠে গানটি বেশ ভালো মানিয়েছে। ভালো লাগছে, এমন ভালো একটি কাজের অংশীদার হতে পেরে।’জানা গেছে, সামনের পূজার আগেই নদী রে তুই চলচ্চিত্রের অডিও অ্যালবামটি প্রকাশিত হবে। এতে নচিকেতা ও শ্রীকান্তের পাশাপাশি আরও গান গাইছেন রাঘব চ্যাটার্জি, গার্গী ও দিয়া প্রমুখ।ইছামতির পারে টাকী অঞ্চলে এরই মধ্যে এই চলচ্চিত্রের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মৌবণী সরকার, অধিরাজসহ আরো অনেকে।উল্লেখ্য, সুরকার ও সংগীত পরিচালক দ্রোণ আচার্য্য দীর্ঘ আট বছর কলকাতার জনপ্রিয় ব্যান্ডদল ‘চন্দ্রবিন্দু’র কি বোর্ডিস্ট ও কম্পোজার ছিলেন।