টালিগঞ্জে জয়ার অভিষেক
ছোট পর্দায় বড় সাফল্যের পর পা রেখেছিলেন বড় পর্দায়। আর এবার দেশের সীমানা পেরিয়ে টালিগঞ্জে। অরিন্দম শীল পরিচালিত আবর্ত ছবিতে টালিগঞ্জে অভিষেক হতে চলেছে জয়া আহসানের। এই ছবিতে বিখ্যাত ‘চারু’ চরিত্রে অভিনয় করবেন তিনি। সম্প্রতি কলকাতা থেকে দেশে ফিরে জয়া আহসান জানান, আবর্ত ছবিতে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। বললেন, ‘ছবিতে আমার চরিত্রটির নাম চারু সেন। রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ গল্প নিয়ে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র চারুলতার সঙ্গে এই চারুর অন্ত্যমিল খুঁজে পাওয়া যাবে। অরিন্দম তাঁর নিজের মতো করে এখনকার প্রেক্ষাপটে সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের চরিত্রগুলোকে পুনর্নির্মাণ করেছেন। চরিত্রগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক ঘিরে এই ছবির গল্প।’ কিন্তু কলকাতায় এত অভিনেত্রী থাকতে কেন বাংলাদেশের জয়া আহসান? প্রশ্ন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক অরিন্দম শীলের কাছে। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে অরিন্দম বললেন, ‘সত্যি বলতে কি আমি দীর্ঘদিন ‘চারু’র সন্ধানে ছিলাম। একবার ভেবেছি মুম্বাই থেকে কাউকে নেব। কিন্তু অবাঙালি কাউকে নিতে মন সায় দেয়নি। জয়ার অনেকগুলো কাজ দেখেছি। ওর অভিনয়ের পরিধি দেখে আমি তাজ্জব হয়েছি। এত বিচিত্র চরিত্রে সে অভিনয় করেছে! খুব শক্তিশালী অভিনেত্রী না হলে এটা সম্ভব নয়। একই সঙ্গে দারুণ বুদ্ধিদীপ্ত আর সপ্রতিভ। আমি মনে মনে ঠিক এ রকমই একজনকে খুঁজছিলাম।’ এদিকে অরিন্দমের ‘চারু’ চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে জয়া আহসানের সাক্ষাৎকার। আগামী বছর ফেব্রুয়ারি মাসে শুরু হবে আবর্ত ছবিটির শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্র চারুর বিপরীতে শ্যামল সেনের ভূমিকায় থাকবেন টোটা রায় চৌধুরী। ছবিতে আরও অভিনয় করছেন পাওলি দাম, আবীর চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, জুন মালিয়া, কৌশিক গাঙ্গুলী প্রমুখ।