টালিগঞ্জের ছবিতে সালমান খান
বলিউডের খুব কমসংখ্যক তারকা অভিনেতাই টালিউড বা কলকাতার টালিগঞ্জের বাংলা ছবিতে অভিনয় করেছেন। তবে একেবারেই যে বলিউড তারকাদের এ মাটিতে পা পড়েনি তা নয়; টালিগঞ্জের ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগন, জ্যাকি স্রফ এমনকি সঞ্জয় দত্তের মতো তারকাও। তাই বলে সালমান খান? এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার বাংলা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সালমান খান।চিত্রনির্মাতা পার্থ সেনের ‘ধরতি’ ছবিতে অভিনয় করছেন বলিউডের এই প্রথম সারির জনপ্রিয় অভিনেতা। জানা গেছে, এ ছবিতে ‘বাবু লাল’ নামের একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সালমান। চরিত্রটি দলিত বা অবহেলিত ও নির্যাতিত শ্রেণীর একজন মানুষের।পার্থ সেনের এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন কঙ্গনা রানৌত। এর আগে খবর ছড়িয়েছিল, এ ছবিতে কঙ্গনার বিপরীতে অভিনয় করবেন তাঁর সাবেক প্রেমিক আদিত্য পাঞ্চোলি। কিন্তু ছবিসংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, আদিত্য নন, কঙ্গনার বিপরীতে অভিনয় করবেন সালমান খান। সূত্রটি ছবিটি সম্পর্কে এর বেশি বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। কিন্তু সালমান খান যে কলকাতার বাংলা ছবিটিতে অভিনয় করতে যাচ্ছেন, বিষয়টি নিশ্চিত করেছে সূত্রটি।