টাস্কফোর্সের কাজ আরও বেগবান করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের অশ্লীলতা ও ভিডিও পাইরেসি বন্ধে গঠিত টাস্কফোর্সের কাজের মূল্যায়ন করা হয়েছে। ২০ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সম্পর্কিত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিদায়ী তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত তথ্যসচিব আবু বকর সিদ্দিক, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার, টাস্কফোর্সের আহ্বায়ক র‌্যাবের মেজর মাসুম আহমেদ এবং চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা।সভায় জানানো হয়, ২০০৭ সালে টাস্কফোর্স গঠন হওয়ার পর সারা দেশে বাংলা চলচ্চিত্রের অশ্লীলতা দমন করে সুস্থধারা ও পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখনো এ পরিবেশ অব্যাহত আছে। বাংলা চলচ্চিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল ভিডিও পাইরেসি। টাস্কফোর্স ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিডিও পাইরেসির অভিযোগে অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পর্নো ছবির দুই লাখ ৪৯ হাজার ৭৪৬টি ভিডিও সিডি এবং বাংলা ছবির ১০ লাখ ৩৫ হাজার ২০টি পাইরেটেড ভিডিও সিডি জব্দ করা হয়েছে। পাশাপাশি এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনোভাবেই বাংলা চলচ্চিত্রের পরিবেশকে আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। অশ্লীলতা দমনের পাশাপাশি ভিডিও পাইরেসি বন্ধে টাস্কফোর্স আরও নানামুখী উদ্যোগ নেবে। যে মামলাগুলো বিচারাধীন আছে, সেগুলোরও তদারকি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেজর মাসুম বলেন, ‘সভায় প্রযোজক-পরিবেশক সমিতির নেতারাই টাস্কফোর্সের কার্যক্রমের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেছেন। আমরা ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও বেগবান করব।’