টিএসসিতে অ্যানিমেশনের আনন্দ আয়োজন

দ্বিতীয়বারের মতো বড় পরিসরে অ্যানিমেশন চলচ্চিত্র নিয়ে এক সপ্তাহের চলচ্চিত্র প্রদর্শনী উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। নাম দেওয়া হয়েছে ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪’। টিএসসিতে সপ্তাহব্যাপী এই আয়োজনের পর্দা উঠেছে গতকাল ৩ নভেম্বর। উৎসব শেষ হবে ৯ নভেম্বর।
প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট পাঁচটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এবারের উৎসবে দেখানো হচ্ছে ফ্রোজেন, মেগামাইন্ড, দ্যা অ্যাডভেঞ্চার্স অব টিনটিন, মন্টু মিয়ার অভিযান, র্যাঙ্গো, আপ, হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন-২, গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাই-এর মতো দারুণ সব জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র। প্রতিটি চলচ্চিত্রের প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে দেখতে পারবে।
উৎসবের চতুর্থ দিন আগামীকাল ৬ নভেম্বর প্রদর্শিত হবে পিক্সার শর্টস (সকাল সাড়ে নয়টা), ডেসপিকেবল মি-২ (বেলা ১১টা), টয় স্টোরি-৩ (বেলা দেড়টা), ওয়াল-ই (বিকেল চারটা), কুংফু পান্ডা-২ (সন্ধ্যা সাড়ে ছয়টা)। পরদিন ৭ নভেম্বর প্রদর্শিত হবে শ্রেক-২ (সকাল সাড়ে নয়টা), গ্রেভ অফ ফায়ারফ্লাইস (বেলা ১১টা), মনস্টার ইউনিভার্সিটি (বেলা দেড়টা), হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন-২ (বিকেল চারটা), ফাইন্ডিং নেমো (সন্ধ্যা সাড়ে ছয়টা)।
এই উৎসব আয়োজনে আর্থিক সহায়তা করেছে গোল্ডেন হার্ভেস্ট গ্রুপের নতুন আইসক্রিম ব্র্যান্ড ‘ব্লুপ’। আয়োজকেরা জানিয়েছেন, দেশীয় দর্শকদের কাছে অ্যানিমেশন চলচ্চিত্র জনপ্রিয় করতেই এই উৎসব। এর আগে ২০০৫ সালে প্রথমবার এমন উৎসবের আয়াজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।